২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে কথিত বন্দুকযুদ্ধে যুবক নিহত

বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নিজের অবস্থানের কথা জানানোর আট ঘণ্টার মধ্যে ঢাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে। এ নিয়ে গত এক মাসে শুধু ঢাকায় এ ধরনের মৃত্যুর সংখ্যা আট-এ দাঁড়িয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2011, 06:36 AM

Updated : 24 Aug 2022, 02:27 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নিজের অবস্থানের কথা জানানোর আট ঘণ্টার মধ্যে ঢাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে। এ নিয়ে গত এক মাসে শুধু ঢাকায় এ ধরনের মৃত্যুর সংখ্যা আট-এ দাঁড়িয়েছে। শুক্রবার প্রথম প্রহরে মিরপুরের বোটানিক্যাল গার্ডেন পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহতের নাম সুমন (৩০)। তিনি সন্ত্রাসী বলে দাবি করেছে পুলিশ। শাহ আলী থানার ওসি আব্দুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকটি মামলার আসামি সুমনকে গ্রেপ্তারের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে আসছিলো। "তার গতিবিধির খবর পেয়ে পুলিশের একটি দল সুমনকে অনুসরণ করে। রাত ১টার দিকে বোটানিক্যাল গার্ডেন এলাকায় পৌঁছলে ওঁৎ পেতে থাকা সুমনের সহযোগীরা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। তখন পুলিশও পাল্টা গুলি চালায়।" দুই পক্ষে আধা ঘণ্টা 'বন্দুকযুদ্ধের' সহযোগীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে সুমনকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে ওসি লতিফ জানান। ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও কয়েক রাউন্ড গুলি উদ্ধারের কথাও জানান তিনি। পুলিশ জানায়, সুমনের বিরুদ্ধে মিরপুর থানায় হত্যার অভিযাগে তিনটিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। ২০১১ সালে শুধু ঢাকায় এর আগে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' দুজন আর র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' পাঁচজন নিহত হয়। এর মধ্যে নিরীহ মানুষও রয়েছে বলে অভিযোগ উঠেছে। মানবাধিকার সংগঠন অধিকারের হিসাবে দেশে ২০১০ সালে ১২৭ জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহতের সংখ্যা ১০১ জন। দেশে ও বিদেশের মানবাধিকার সংগঠনগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সমালোচনা করে আসছে। এনিয়ে অসন্তোষ জানিয়েছে উচ্চ আদালতও। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বিকালে এক সংবাদ সম্মেলনে বলেন, তিনি শুরু থেকেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরোধী এবং তা বন্ধে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/কিউএইচ/এমআই/১২৩০ ঘ.