২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মুজিব কোট গায়ে দিলেই অপরাধের ক্ষমা হয় না'

বিকলাঙ্গ করে শিশুদের ভিক্ষাবৃত্তিতে বাধ্য করার মতো তদন্তাধীন বিষয়ে গণমাধ্যমে বক্তব্য দেওয়ায় কামারাঙ্গীরচরের আওয়ামী লীগ নেতা হাজী সুলায়মান মাতবরকে তিরস্কার করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2011, 12:11 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিকলাঙ্গ করে শিশুদের ভিক্ষাবৃত্তিতে বাধ্য করার মতো তদন্তাধীন বিষয়ে গণমাধ্যমে বক্তব্য দেওয়ায় কামারাঙ্গীরচরের আওয়ামী লীগ নেতা হাজী সুলায়মান মাতবরকে তিরস্কার করেছে আদালত। বৃহস্পতিবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও শেখ মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চে হাজির হলে সুলায়মানকে তিরস্কার করে বলা হয়, "মুজিব কোট গায়ে দিলেই অপরাধের ক্ষমা হয়ে যায় না।" আদালত আরো বলেছে,"ওই ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করে লাভ নেই। যতো ক্ষমতাধরই হোক না কেন, কেউ তা করতে পারে না। কারণ আদালতই সবচেয়ে ক্ষমতাধর।" গত বছরের ৬ সেপ্টেম্বর বুড়িগঙ্গার পশ্চিমের শাখা নদীর বেড়িবাঁধের পাশ থেকে জননাঙ্গ কাটা রক্তাক্ত অবস্থায় নিয়ামুল নামে এক শিশুকে উদ্ধার করা হয়। পরদিন নিয়ামুলের আত্মীয় আল আমিন থানায় লিখিত অভিযোগ করেন। এ ঘটনায় ওমর ফারুক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ ওঠে, সুলায়মান মাতবরই ফারুকের মদদদাতা। এরপর ২৬ জানুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে সুলায়মান দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে পৃথিবীর সবচেয়ে কঠিনতম শাস্তি তিনি মাথা পেতে নেবেন। রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে হেয় করতেই এমন অভিযোগ আনা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সুলায়মানের বক্তব্য উদ্ধৃত করে ২৭ জানুয়ারি দৈনিক জনকণ্ঠে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে ৩ ফেব্র"য়ারি তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। আদেশে বলা হয়, আদালতের নির্দেশনায় ওই ঘটনার তদন্ত চলছে। এ অবস্থায় বিষয়টি নিয়ে গণমাধ্যমে বক্তব্য দেওয়া হলে তা তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সুলায়মান মাতবর বৃহস্পতিবার আদালতে হাজির হন। সুলায়মানের আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন তার মক্কেলের পক্ষে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করলে ভবিষ্যতে এ ধরনের কাজ না করতে সতর্ক করে দিয়ে আদালত তাকে ক্ষমা করে দেয়। সরকারপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন শুনানিতে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৮০০ ঘ.