২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি নির্বাচনের আগে হালনাগাদ হচ্ছে না ভোটার তালিকা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে ভোটার তালিকা হালনাগাদ হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2011, 11:11 AM

Updated : 24 Aug 2022, 02:27 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে ভোটার তালিকা হালনাগাদ হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার 'ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ' বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। আগামী মার্চ ও মে মাসে দুই পর্বে দেশের প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচনের পরিকল্পনা রয়েছে ইসির। চলতি মাসে তফসিল ঘোষণার কথাও জানানো হয়েছে। ভোটার তালিকা আইন-২০০৯ অনুযায়ী প্রতিবছর ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারির মধ্যে ভোটার তালিকা হালনাগাদের কথা রয়েছে। নির্বাচন কমিশনার বলেন, "জানুয়ারি মাসে পৌর নির্বাচন, ফেব্র"য়ারিতে মাধ্যমিক পরীক্ষা, মার্চে আদমশুমারি ও এপ্রিলে এইচএসসি পরীক্ষার কারণে হালনাগাদ কার্যক্রম নেওয়া যাচ্ছে না।" হালনাগাদ কার্যক্রম পরে হলেও আইনি কোনো জটিলতা দেখা দেবে না বলেই মনে করেন তিনি। দেশে প্রথমবারের মতো নবম সংসদ নির্বাচনের আগে ছবিসহ ভোটার তালিকা প্রণীত হয়। এতে ৮ কোটি ১০ লাখেরও বেশি ভোটার তালিকাভুক্ত হয়। ২০০৯ সালে তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনের কারণেও হালনাগাদ করতে পারেনি ইসি। এরপর গত বছরের মার্চে হালনাগাদ কার্যক্রমে দেশে ৪০ লাখের বেশি ভোটার নতুন করে তালিকাভুক্ত হয়। নির্বাচনের আগে নতুন করে স্থানীয়দের ভোটার হওয়ার সুযোগ না রাখলেও প্রবাসীদের জন্য তা রাখা হয়েছে। "তফসিল ঘোষণার আগে প্রবাসীরা ভোটার হতে পারবে", বলেন সাখাওয়াত। গত ডিসেম্বর প্রবাসী বাংলাদেশিদের ভোটার হওয়ার সুযোগ রেখে ভোটার তালিকা আইন-২০০৯ সংশোধন পাস হয়েছে সংসদে। সাখাওয়াত জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোটার স্থানান্তরের সুযোগও রাখতে চায় না কমিশন। গত বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্থানান্তরের সুযোগ দেওয়া হয়েছিল। তিনি অভিযোগ করেন, প্রার্থী হওয়ার নাম করে অনেকে একাধিকবারও ভোটার তালিকায় নিজেদের নাম অন্য স্থানে তালিকাভুক্ত করেছেন। বৃহস্পতিবারের বৈঠকে মাঠ পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের ভোটার তালিকায় গরমিল আছে কিনা-তা যাছাইয়ের জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে সাখাওয়াত জানান, নির্বাচনের সময় আরেকটা যে সমস্যা দেখা দেয় তা হচ্ছে সিডিতে থাকা তালিকা ও প্রিন্ট কপির মধ্যে মিল থাকে না। সিরিয়াল নম্বরে গরমিল হয়, যে কারণে অনেক সময় বিভ্রান্তি দেখা দেয়। "এ সমস্যা হয় দুটি কারণে। প্রথমত ইসি থেকে সরবরাহকৃত সিডিটি বিক্রি করার কথা থাকলেও অধিকাংশ প্রার্থী-এজেন্ট তা কেনে না। এক-দুইজন মাত্র কেনে, বাকিরা একে অপরের কাছ থেকে কপি করে নেয়। এছাড়া মাঝে মাঝে ভোটার তালিকা পরিবর্তন হয়। যা পুরোনো প্রিন্টেড কপিতে আসে না। তখন গরমিল দেখা দেয়", বলেন সাখাওয়াত। অপর নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বলেন, "এবারে যে সিডি সরবরাহ করা হবে কমিশন থেকে সেগুলোতে তারিখ উল্লেখ থাকবে। গরমিল যেন না থাকে সে বিষয়ে খুব সতর্কতা অবলম্বন করবেন সংশ্লিষ্টরা।" গত পৌর নির্বাচনে কালিয়াকৈর পৌরসভায় ভোটার তালিকায় গরমিলের কারণে আটটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৭১০ ঘ.