২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহান মণিদর কষাকষি চূড়ান্ত পর্যায়ে: মালিকপক্ষ

বাংলাদেশি জাহাজ এমভি জাহান মণির নাবিকদের উদ্ধারে জলদস্যুদের সঙ্গে মুক্তিপণ নিয়ে দর কষাকষি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে জাহাজটির মালিকপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2011, 10:52 AM

Updated : 24 Aug 2022, 02:27 PM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশি জাহাজ এমভি জাহান মণির নাবিকদের উদ্ধারে জলদস্যুদের সঙ্গে মুক্তিপণ নিয়ে দর কষাকষি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে জাহাজটির মালিকপক্ষ। তারা আশা করছে, সাত দিনের মধ্যে এ বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে। বুধবার রাতে একটি টেলিভিশন চ্যানেল জাহান মণিতে জিম্মি ক্যাপ্টেন ফরিদ আহমেদের টেলিফোন সাক্ষাৎকার প্রচার করে। এতে তিনি জাহাজের খাবার ও পানি ফুরিয়ে গেছে। নাবিকদের সবাই অসুস্থ হয়ে পড়েছে। তাদের দ্রুত উদ্ধারের জন্য আকুতি জানান ফরিদ। এই পরিপ্রেক্ষিতে জিম্মি ২৫ নাবিক ও জাহাজের প্রধান প্রকৌশলীর স্ত্রীর পরিবারের সদস্যরা বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের বারিক বিল্ডিং মোড়ে জাহান মণির মালিক প্রতিষ্ঠান ব্রেভরয়েলের কার্যালয়ে উপস্থিত হন। এ সময় জিম্মি নাবিক শাহরিয়ার রাব্বীর মা বিলকিস রহমান জানান, বৃহস্পতিবারের মধ্যে মুক্তিপণ না দিলে জিম্মি বাংলাদেশি নাবিকদের হত্যা করা হবে বলে হুমিকি দিয়েছে জলদস্যুরা। টেলিফোনে তার ছেলে এ খবর জানিয়েছে। গত ৫ ডিসেম্বর ভারতের কোচিন বন্দর থেকে তিনশ' নটিক্যাল মাইল দূরে আরব সাগরে সোমালীয় জলদস্যুদের কবলে পড়ে এমভি জাহান মণি। ২৬ জন বাংলাদেশি নাগরিককে জিম্মি করে ১১ ডিসেম্বর সোমালিয়ার উপকূলীয় গ্রাম গারাকাডের কাছাকাছি জাহাজটি নোঙর করে জলদস্যুরা। জিম্মি নাবিকদের পরিবারের সঙ্গে আলোচনার পর বৃহস্পতিবার দুপুরে ব্রেভরয়েলের মহাব্যবস্থাপক মেহেরুল করিম সাংবাদিকদের বলেন, "মুক্তিপণের বিষয়ে দর কষাকষি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী সাত দিনের মধ্যে এ বিষয়ে একটি সিদ্ধান্তে আসা যাবে।" "শিগগিরই আপনারা সুখবর শুনতে পাবেন", বলেন তিনি। মধ্যস্থতাকারীর মাধ্যমে জলদস্যুদের সঙ্গে আলোচনা চলছে জানিয়ে মেহেরুল বলেন, "ঠিক কার কাছে আমরা মুক্তিপণের টাকা দেব- এ বিষয়ে নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।" 'বৃহস্পতিবারের মধ্যে মুক্তিপণ না দিলে জিম্মি নাবিকদের হত্যা করা হবে'- স্বজনদের এ উৎকণ্ঠার ব্যাপারে তিনি বলেন, "দস্যুরা চাপ দিয়ে টাকা আদায়ের জন্য নাবিকদের দিয়ে এসব কথা বলাচ্ছে।" ব্রেভরয়েলের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান স্বজনদের আশ্বস্ত করে বলেন, "মুক্তিপণ নিয়ে আমরা এমন এক পর্যায়ে পৌঁছেছি যে জলদস্যুরা নিজেরাই এ বিষয়টি নিয়ে নিয়মিত বৈঠক করছে।" ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী, সোমালীয় জলদস্যুরা ২০১০ সালে বিভিন্ন দেশের মোট ৫৩টি জাহাজ ছিনতাই এবং ১ হাজার ১৮১ জন নাবিককে জিম্মি করে। মুক্তিপণের দাবিতে এই সময়ে অন্তত আটজনকে হত্যা করে তারা। ২০০৯ সালে এই জলদস্যুদের হাতে ছিনতাই হওয়া প্রতিটি জাহাজ ছাড়িয়ে আনতে গড়ে ৯০ দিন সময় লাগে। কিন্তু ২০১০ সালে এই সময় বেড়ে ১৪৩ দিনে দাঁড়ায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/জেকে/১৬৫১ ঘ.