কিশোরগঞ্জ, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বার্ড ফ্লু সংক্রমণ ধরা পড়ায় কিশোরগঞ্জে একটি খামারের ৮ হাজার মুরগি নিধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রাণিসম্পদ বিভাগের তদারকিতে সদর উপজেলার বগাদিয়া গ্রামে মোজাম্মেল হকের খামারের ওই মুরগিগুলো মারার পর মাটিতে পুঁতে ফেলা হয়।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এএসএম নৌশাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বার্ড ফ্লু যেন ছড়িয়ে না পড়ে এ জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
ওই খামারের কয়েকটি মুরগি মারা যাওয়ার পর বুধবার প্রাণিসম্পদ বিভাগ তার নমুনা ঢাকায় সেন্ট্রাল ডিজিস ইনভেস্টিগেশন ল্যাবরেটরিতে পাঠানো হলে বার্ড ফ্লু সংক্রমণের বিষয়টি নিশ্চিত করা হয়। এরপর স্থানীয় প্রশাসন আক্রান্ত মুরগি নিধনের উদ্যোগ নেয়।
প্রাণিসম্পদ কর্মকর্তা নৌশাদ বলেন, ক্ষতিগ্রস্ত খামার মালিককে সরকারি বিধি অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়া হবে।
খামারের মালিক মোজাম্মেল বলেন, "আমার প্রায় ১২/১৪ লাখ টাকা ক্ষতি হয়েছে। তবে সরকার নির্ধারিত হারে প্রতি মুরগির জন্য ১৫০ টাকা দেওয়ার কথা রয়েছে। তা পেলে ক্ষতি কিছুটা সামলাতে পারবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫২৫ ঘ.
bdnews24