নুরুল ইসলাম হাসিব
ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের হাতীবান্ধায় 'জ্বরে' এগারজনের মৃত্যুর ঘটনায় উদ্বীগ্ন হয়ে উঠেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এ রোগের জন্য নিপাহ ভাইরাস দায়ী কি না- তা খতিয়ে দেখছেন তারা।
২০০১ সালে দেশের উত্তর জনপদের সীমান্ত এলাকায় প্রথমবারের মতো নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা যাওয়ার পর এ পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত ১৫২ জনের মধ্যে ১১৩ জনেরই মৃত্যু হয়েছে।
প্রতি বছরই কিছু লোক নিপাহ ভাইরাসে আক্রান্ত হলেও চিকিৎসকরা খেজুরের রস খাওয়ার ক্ষেত্রে সাবধান হওয়ার পরামর্শ দেওয়া ছাড়া এ রোগ প্রতিরোধে কার্যকর কিছু করতে পারেননি। বিশেষজ্ঞরা বলছেন, এ ভাইরাস ছড়ায় মূলত বাদুড়ের মাধ্যমে। শীতের সময় খেজুর গাছে বাঁধা রসের হাড়িতে বাদুড় মুখ দেয় বলে বাংলাদেশে এভাবেই রোগটি মানুষে ছড়ায় বলে চিকিৎসকদের ধারণা।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকার লালমনিরহাটের হাতীবন্ধার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে।"
তিনি জানান, ১০ সদস্যের একটি বিশেষজ্ঞ দল বুধবার দুপুরে ঢাকা থেকে লালমনিরহাটের উদ্দেশে রওনা হয়ে গেছেন। ওই দলে পাঁচজন চিকিৎসকও রয়েছেন। তারা জ্বরে আক্রান্তদের পরীক্ষা করে দেখবেন এবং জ্বরের কারণ খুঁজে বের করার চেষ্টা করবেন।
স্থানীয় চিকিৎসকরা জানান, গত দুই দিনে অন্তত ৩৫ জন প্রবল জ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন। এ রোগীদের জন্য হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুধবার দুপুরে চার শয্যার একটি আলাদা সেলও খোলা হয়েছে।
গত দুই দিনে প্রবল জ্বরে আক্রান্ত কয়েকজন রোগীকে লালমনিরহাট থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলেও সেখানকার চিকিৎসরকার জ্বরের কারণ চিহ্নিত করতে পারেননি। কীভাবে এটা ছড়াচ্ছে তাও নিশ্চিত করতে পারেননি তারা। জ্বরে আক্রান্ত হওয়ার পর রোগীরা এক পর্যায়ে সংজ্ঞা হারাচ্ছেন এবং অধিকাংশ ক্ষেত্রে তাদের মৃত্যু হয়েছে।
আইইডিসিআরের পরিচালক মাহমুদুর রহমান বলেন, "রোগের ধরন দেখে এনসেফালাইটিস বলে মনে হচ্ছে। এতে মস্তিস্কে ভয়াবহ প্রদাহ দেখা দেয়। নিপাহ ভাইরাস বা জাপানিজ এনসেফালাইসিসের কারণে এমনটা হতে পারে।"
তবে ল্যবরটরিতে পরীক্ষার পরই এ ব্যাপারে নিশ্চিত করে বলা সম্ভব বলে জানান তিনি।
মাহমুদুর রহমান জানান, বিশেষজ্ঞরা হাতীবান্ধায় পৌঁছে জ্বরে আক্রান্তদের রক্তের নমুনা সংগ্রহ করে তা আইইডিসিআরের ল্যাবরটরিতে পরীক্ষা করবেন। দক্ষিণ-পূর্ব এশিয়ায় কেবল এ ল্যাবরটরিতেই নিপাহ ভাইরাস সনাক্ত করার ব্যবস্থা রয়েছে।
চিকিৎসকরা জানান, বাংলাদেশে সাধারণত ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নিপাহ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। এই সময়টাতেই খেজুরের রস সংগ্রহ করা হয়। আর বাদুড় গাছে বাঁধা হাড়ি থেকে রস খাওয়ার চেষ্টা করে বলে ওই রসের সঙ্গে তাদের লালা মিশে যায়। আর সেই বাদুড় নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে থাকলে এবং সেই রস খেলে মানুষের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে এ ভাইরাস। আক্রান্ত মানুষ থেকে মানুষেও ছড়াতে পারে এ রোগ।
নিপাহ ভাইরাস এতোটাই সংক্রামক যে, ২০০৪ সালে পরিদপুরে এক পরিবারের একজন আক্রান্ত হওয়ার পর ওই পরিবারের চারজনের মৃত্যু হয় এ রোগে। এক রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার রিকশাচালকও নিপাহ ভাইরাসে আক্রান্ত হন।
অধ্যাপক মাহমুদুর রহমান বলেন, "এই অবস্থায় খেঁজুরের রস না খাওয়াই ভালো।"
ইতোমধ্যে দেশের মেডিকেল কলেজগুলোসহ আইইডিসিঅরের চিকিৎসা কেন্দ্রগুলোতে এই সতর্কবার্তা পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শাহাদাত হোসেন জানান, তারাও হাতীবান্ধার মানুষকে আপাতত খেজুর গুড় ও রস, আখের রস, পেঁপে, পেয়ারা, বরইসহ স্থানীয় ফল না খাওয়ার পরামর্শ দিচ্ছেন।
তিনি বলেন, "আমার ধারণা বাদুড়ের মাধ্যমে ওইসব খাদ্যে ভাইরাস ছড়াচ্ছে।"
মাহমুদুর রহমান বলেন, এক সময় মানুষের বিশ্বাস ছিল, অশুভ আত্মার কারণে মানুষ এভাবে মারা যায়। কিন্তু এখন তারা বিভিন্ন রোগ সম্পর্কে জানে, বোঝে। মানুষ সচেতন হলে রোগ প্রতিরোধ করাও অনেক সহজ হয়ে যায়।
১৯৯৮ সালে মালয়েশিয়ায় সর্বপ্রথম নিপাহ ভইরাস সনাক্ত করা হয়। তবে বর্তমানে বালাদেশকে এ রোগের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা বিবেচনা করা হয়। ২০০১ সাল থেকে এ পর্যন্ত মেহেরপুর, নওগাঁ, রাজবাড়ী, ফরিদপুর, টাঙ্গাইল, ঠাকুরগাঁও, কুষ্টিয়া, মানিকগঞ্জ ও রংপুরে মানব দেহে নিপাহ ভাইরাস সংক্রমণের খবর পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএইচ/এএম/জেকে/০০১৬ ঘ.
bdnews24