ঢাকা, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বইয়ে ঠিক ইতিহাস তুলে ধরতে লেখক ও প্রকাশকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
লেখক ও প্রকাশকদের উদ্দেশ্য করে তিনি বলেছেন, "পাঠকের জন্য নতুন নতুন সৃজনশীল বই উপহার দেবেন। তরুণ প্রজন্ম যেন সঠিক ইতিহাস জানতে পারে সে দিকে দৃষ্টি রাখবেন। বই নতুনভাবে চেতনাকে জাগ্রত করে, জ্ঞানকে সমৃদ্ধ করে।"
মঙ্গলবার বিকালে অমর একুশে গ্রন্থমেলা-২০১১ উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, "অসাংবিধানিক আর স্বৈরাচারী শাসকরা ইতিহাস বিকৃত করার মাধ্যমে আমাদের শিল্প-সংস্কৃতিকে বিনষ্ট করার চেষ্টা করেছিল। কিন্তু দেশপ্রেমিক মানুষের কারণে তারা এটা করতে সক্ষম হয়নি।"
তিনি আত্মপ্রত্যয় ব্যক্ত করে বলেন, "বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক চেতনার দেশ। এই চেতনার পথে সামনে এগিয়ে যেতে অতীতে আমাদের অনেক ঘাত-প্রতিঘাতের মুখোমুখি হতে হয়েছে। কিন্তু আমরা হার মানিনি।"
তিনি জানালেন, একুশে বইমেলার অনুষ্ঠানে যোগ দিতে মেয়ে-নাতনীকে দেখতে লন্ডন থেকে কানাডা না গিয়ে ঢাকায় ফিরেছেন।
"রক্তের টান বাদ দিয়ে প্রাণের টানে চলে এসেছি", বলেন প্রধানমন্ত্রী।
ঐতিহ্যবাহী এ গ্রন্থমেলার অর্থনৈতিক গুরুত্বের কথা তুলে ধরে তিনি বলেন, এই মিলনমেলাকে অর্থনৈতিক দিক থেকেও উপেক্ষা করার সুযোগ নেই।
নোবেলজয়ী অধ্যাপক অমর্ত্য সেন বলেন, "যারা পড়তে পারে না, অন্যের কাছে শোনে- তাদের জন্যও বই দরকার। ইতিহাস উপলব্ধির জন্য বই প্রয়োজন।"
তিনি আরো বলেন, "বইয়ের প্রসার-প্রভাব শুধু পাঠকদের মধ্যে হয় না। লেখক-সাহিত্যিক-প্রকাশক সবার মধ্যে এর প্রভাব পড়ে। এটি সামাজিক উপলব্ধির মধ্য দিয়ে চলে। একদিকে ভাষা অপরদিকে সাহিত্য, সঙ্গীত, দর্শন ও সামাজিক চিন্তার যোগ। সেই সঙ্গে ঐক্য ও ভালোবাসার চেতনা পাশাপাশি চলেছে।"
জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর সভাপতিত্বে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্ধমান হাউসের নিচতলায় জাতীয় লেখক ও সাহিত্য জাদুঘর উদ্বোধন করেন।
বই প্রদর্শনীর পাশাপাশি প্রতিদিন বিকেলে মেলার মূল মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে এবারের মেলায় সেমিনারের মূল থিম 'রবীন্দ্রনাথ'। সাংস্কৃতিক অনুষ্ঠানও রবীন্দ্রনাথের শিল্পকর্মকে ঘিরেই উপস্থাপন করা হবে।
এবার মেলা প্রাঙ্গণকে নয়টি চত্বরে ভাগ করা হয়েছে। সেগুলোর নামকরণ করা হয়েছে ভাষা-শহীদ, বরেণ্য লেখক, সাহিত্যিক, কবি ও বুদ্ধিজীবীদের নামে।
মেলায় শিশু কর্ণারে থাকছে শিশু-কিশোরদের পুস্তক প্রকাশনা প্রতিষ্ঠান। এ ছাড়া মেলার সংবাদ পাঠানোর সুবিধার্থে থাকছে মিডিয়া সেন্টার।
এবারের বইমেলা প্রাঙ্গণ ওয়াইফাই প্রযুক্তির আওতায় থাকছে। এছাড়া সম্পূর্ণ পলিথিন ও ধুমপানমুক্ত থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআই/পিডি/এইচএ/২১০৬ ঘ.
bdnews24