ঢাকা, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক মাসের ব্যবধানে রাজধানীর তাঁতীবাজারে নিজের দোকানে আরেক স্বর্ণ ব্যবসায়ী খুন হয়েছেন।
নিহত রাজীব চন্দ্র দাসের (২৫) গ্রামের বাড়ি কুমিল্লার বরুড়া থানার কাশেরদা গ্রামে। তার বাবার নাম নিমাই চন্দ্র দাস।
মঙ্গলবার সকালে শ্রী শ্রী রাজ রাজেশ্বর মন্দির মার্কেট এর পাঁচতলা ভবনের চতুর্থ তলায় অবস্থিত 'আরএল জুয়েলারি ওয়ার্কশপ' নামে দোকান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এর আগে ২৯ ডিসেম্বর একই এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ী খুন হন। এ ঘটনার প্রতিবাদে সে সময় ব্যবসায়ীরা ধর্মঘটও পালন করেছিলেন।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মো.শামসুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাজীবের শরীরে জখমের চিহ্ন রয়েছে। তার গলায় গামছা পেঁচানো ছিলো।"
সোমবার রাতে অথবা মঙ্গলবার সকালের কোনো এক সময় এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
নিহতের খালাতো ভাই লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যে দোকানে রাজীব খুন হয়েছেন সেটি আমাদের দুজনের ছিলো। সোমবার রাত ১২টার দিকে আমি বাসায় চলে যাই। রাজীব দোকানেই থাকতো। সকাল সাড়ে ৯টার দিকে এসে দেখি দোকানে বাহির থেকে তালা লাগানো। দোকান খুলে মেঝে রাজীবের নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেই।"
তিনি আরো জানান, সিন্দুকের বাহিরে প্রায় ৯ ভড়ি স্বর্ণালঙ্কার ছিলো। তবে দোকান খুলে তিনি তা পাননি।
এছাড়া সিন্দুকসহ সব কিছুই ঠিক রয়েছে বলে জানান লিটন।
উপপরিদর্শক শামসুদ্দিন বলেন, "দুর্বৃত্তরা কীভাবে দোকানে ঢুকেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। কারণ কোনোরকম ভাঙার আলামত পাওয়া যায়নি।"
দুবর্ৃৃত্তরা রাজীবের পূর্ব পরিচিত ছিলো বলে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/এএল/এমআই/১৬৩০ ঘ.
bdnews24