চট্টগ্রাম, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর নিউমার্কেট মোড় এলাকায় হকার ও সিটি কলেজের ছাত্রলীগকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে প্রায় পৌনে এক ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ ছিলো।
শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে নিউমার্কেট মোাড়ের ফুটপাতে একটি প্যান্ট কেনাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত বলে প্রত্যক্ষদর্শী ও হকাররা জানিয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে দুই দফায় ফুটপাতের ভাসমান দোকান ভাংচুরের ঘটনা ও সড়ক অবরোধ করা হয়। রাত সোয়া ৮টার দিকে সড়কে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।
হামলা-পাল্টা হামলার ঘটনায় ছাত্রলীগকর্মী ও হকারদের মোট ২০ জন আহত হয়েছে বলে উভয় পক্ষ দাবি করেছে।
ঘটনাস্থলে উপস্থিত সদরঘাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নাজমুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালে ৫টার দিকে একটি প্যান্ট কেনাকে কেন্দ্র করে এক ক্রেতার সঙ্গে এক হকারের বচসা হয়। এতে সিটি কলেজের কয়েকজন ছাত্র ক্রেতার পক্ষ নেয়।
এক পর্যায়ে সিদ্ধ ডিম বিক্রেতার একটি ভ্যান গাড়ি উল্টে দেয় ছাত্ররা। তখন হকাররা জোট বেঁধে এক ছাত্রকে মারধর করে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
এর কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে হকার ও ছাত্রদের মধ্যে মধ্যস্থতা করে।
তবে এক ছাত্রকে হকাররা আটক করেছে- এ গুজব ছড়িয়ে পড়লে নিউ মার্কেটের কাছের ওই কলেজ থেকে ছাত্রলীগের এক দল কর্মী এসে তিনটি দোকানে ভাংচুর চালায়।
এর ঘণ্টা খানেক পর সন্ধ্যা ৭টার দিকে প্রায় শ’খানেক ছাত্রলীগকর্মী এসে নিউ মার্কেট সড়কে ফুটপাতের আরো প্রায় ৩০টি দোকানে ভাংচুর চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। এরপর ফুটপাতের সব দোকান বন্ধ হয়ে যায়।
চট্টগ্রাম মহানগর হকার সমিতির সভাপতি কাজী শাহাবুদ্দিন হীরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্ররা লাঠিসোঁটা নিয়ে আসে। তারা বেশকিছু দোকানের মালামালও নিয়ে গেছে।
ছাত্রদের হামলায় ১০ থেকে ১৫ জন হকার আহত হন বলে দাবি করেন তিনি।
দুই দফায় দোকান ভাংচুরের পর হকাররা হকার্স মার্কেটের সামনে ও স্টেশন রোডে অবরোধ সৃষ্টি করে। তারা লাঠিসোঁটা নিয়ে সড়কে অবস্থান নেয় এবং রাস্তায় ভাঙা কাঠ ও গাড়ির টায়ারে আগুন ধরিয়ে দেয়।
ওই সময় সিটি কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা সদরঘাট সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। মুখোমুখি অবস্থান ও সড়ক অবরোধের কারণে প্রায় পৌনে এক ঘণ্টা নিউ মার্কেট এলাকার সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে।
উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়াও হয় ওই সময়, পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি মো. ইমতিয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছাত্রদের আটকের বিষয়ে খোঁজ-খবর নেওয়ার জন্য এগোলে ৪০- ৫০ জন হকার লাঠি, রড ও ছোরা নিয়ে তাদের ওপর হামলা চালায়।
এতে ছয় থেকে সাত জন ছাত্রলীগ নেতা-কর্মী আহত হয়েছেন দাবি করে ইমতিয়াজ বলেন, পরিকল্পিতভাবে ছাত্রদের ওপর হামলা চালানো হয়েছে।
এক ক্রেতার সঙ্গে হকাররা দুর্র্ব্যবহার করায় ছাত্রলীগকর্মীরা প্রতিবাদ করেছিলো বলে ইমতিয়াজ জানান।
পুলিশ কর্মকর্তা আমিন জানান, সংঘর্ষের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে এসআই নেজাম উদ্দিন মাথায় আঘাত পান। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এমআই/২২০৫ ঘ.
bdnews24