সাতক্ষীরা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা সরকারি শিশু পরিবারে (শিশু সদন) দুর্বৃত্তের হামলায় অন্তত ১৫ জন এতিম ছাত্র আহত হয়েছে।
শুক্রবার দুপুরে পুরাতন সাতক্ষীরার দুই ‘সন্ত্রাসী’ সহোদর সুমন রহমান ও বিপুল রহমানসহ আরো কয়েকজন এ হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
আহতদের মধ্যে রয়েছে ছাত্র সুমন আলী, ফারুক আহমেদ, আল মামুন, সাগর হোসেন, সিরাজুল ইসলাম, জাকির হোসেন ও হাফিজুর রহমান।
এদের মধ্যে ৫ম শ্রেণীর ছাত্র সুমনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে সদর উপজেলার জোড়দিয়া গ্রামের আহাদ আলীর ছেলে।
এ ঘটনার পর শিশু সদন পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েছে।
শিশু সদনের রিপন, সুজন, ফারুকসহ কয়েকজন ছাত্র জানায়, ২টার দিকে ছাত্ররা সদনের প্রাচীরঘেরা মাঠে ক্রিকেট খেলার সময় শহরের পুরাতন সাতক্ষীরার ছয়আনি পাড়ার সুজাউদ্দীনের দুই ছেলে সুমন ও বিপুল তাদের কাছ থেকে ব্যাট ও উইকেট কেড়ে নিয়ে বেপরোয়া মারধর করতে থাকে। তারা সদনের জানালা দরজাও ভাংচুর করে।
ছাত্ররা আরো জানায়, দুপুরের ঘটনার বিকালে তারা আবারো হামলা করতে আসে। এ সময় বাধা দেওয়ায় তারা শিক্ষক আব্দুল আলিমকেও মারধর করে।
সাতক্ষীরা সদর হাসপাতালে আহত সুমনের মা শামছুন্নাহার বলেন, শিশু সদনের একটি মহল শিক্ষক আব্দুল আলিমকে তাড়াতে চায়। এরা তাদের ষড়যন্ত্রে সদনের শিশুদের ব্যবহার করতে ব্যর্থ হয়ে এই হামলা চালিয়েছে।
এ ব্যাপারে সদর থানার ওসি আসলাম খান জানান, সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শিশু সদনের সুপার হারুনার রশিদ জানান, এ ঘটনায় মামলার করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০০ ঘ.
bdnews24