২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিডিএ এভিনিউতে রিকশা আপাতত চলবে

জানুয়ারির প্রথম দিন থেকে বন্দর নগরীর সিডিএ এভিনিউতে রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত থেকে সরে এসেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2011, 02:19 PM

Updated : 24 Aug 2022, 05:29 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জানুয়ারির প্রথম দিন থেকে বন্দর নগরীর সিডিএ এভিনিউতে রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত থেকে সরে এসেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। শুক্রবার সিএমপির সহকারী কমিশনার (এসি, সদর) নাঈমুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত ১ জানুয়ারি থেকে বাস্তবায়ন করা হবে না। সব পক্ষের সঙ্গে আলোচনার পর জানুয়ারি মাসের কোনো এক সময়ে এ সংক্রান্ত যে সিদ্ধান্ত হবে, তা বাস্তবায়ন করা হবে। এই সিদ্ধান্তের প্রতিবাদে রিকশা চালক-মালিকদের মানববন্ধন, মিছিল ও সমাবেশের পরদিনই এই সিদ্ধান্তের কথা জানালো পুলিশ। বৃহস্পতিবার ‘চট্টগ্রাম মহানগরী রিকসা চালক-মলিক সমন্বয় সংগ্রাম পরিষদ’ আয়োজিত ওই কর্মসূচিতে সরকার সমর্থক ও বিরোধী উভয় সংগঠনের শ্রমিক নেতারাই ছিলেন। ওই সমাবেশ থেকে রিকশা চলাচল বন্ধ করা হলে হরতালের হুমকিও দেওয়া হয়। এরপর বৃহস্পতিবার রাতে সিএমপির ঊর্ধতন কর্মকর্তারা এ বিষয়টি নিয়ে আলোচনায় বসেন। এসি নাঈমুল হাসান জানান, কীভাবে সিদ্ধান্তটি বাস্তবায়ন করা হবে তা নিয়ে সিটি কর্পোরেশনের বর্তমান ও সাবেক মেয়র, রিকশা চালক-মালিক, বিআরটিএ, সিডিএসহ সব পক্ষের সঙ্গে আবার আলোচনা করা হবে। গত ২৮ নভেম্বর চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি), চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, বিআরটিএ ও পরিবহন মালিক সমিতি’র প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় নগরীর যানজট নিরসনে সিডিএ এভিনিউতে ১ জানুয়ারি থেকে রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত হয়। সিসিসি’র হিসাবে, নগরীতে বৈধ রিকশার সংখ্যা ৩৫ হাজার। তবে সিটি মেয়র মনজুর আলম একাধিক অনুষ্ঠানে জানিয়েছেন, নগরীতে প্রায় ১ লাখ ২০ হাজার রিকশা চলাচল করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমআই/২০২০ ঘ.