২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে ইউপিডিএফ সদস্য নিহত

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় পার্বত্য শান্তিচুক্তির পক্ষে-বিপক্ষে দুই সংগঠনের ‘বন্দুকযুদ্ধে’ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্য নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2011, 11:03 AM

Updated : 24 Aug 2022, 05:29 PM

রাঙামাটি, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির জুরাছড়ি উপজেলায় পার্বত্য শান্তিচুক্তির পক্ষে-বিপক্ষে দুই সংগঠনের ‘বন্দুকযুদ্ধে’ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্য নিহত হয়েছে। নিহত সুপায়ন চাকমার (৩৫) বাড়ি রাঙামাটি সদর উপজেলার বন্দুক ভাঙ্গা ইউনিয়নের মাচ্ছোগ্রাম এলাকায়। জুরাছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. আতাউর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় সদর ইউনিয়নের বালুখালীর দুর্গম এলাকা উগোইছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিজিএসএস) সদস্যদের সঙ্গে ইউপিডিএফ কর্মীদের বন্দুকযুদ্ধ হয়। “এলাকায় আধিপত্য বিস্তার করা নিয়ে প্রায় এক ঘণ্টা থেমে থেমে গোলাগুলি চলে। এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান সুপায়ন। খবর পেয়ে শুক্রবার সকাল ১০টার দিকে উগোইছড়ি এলাকায় গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ।” এসআই আতাউর জানান, পুলিশ ও সেনা সদস্যরা ওই এলাকা ঘিরে রেখেছে। ময়না তদন্তের জন্য লাশ রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অবশ্য ইউপিডিএফের মুখপাত্র মাইকেল চাকমা দাবি করেছেন, সেখানে কোনো বন্দুকযুদ্ধ হয়নি। জনসংহতি সমিতির ‘সশস্ত্র সন্ত্রাসীরা’ অতর্কিতে হামলা চালিয়ে সুপায়নকে হত্যা করে। অন্যদিকে জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার সহ-সম্পাদক সজীব চাকমা বলেন, “আমাদের কোনো সশস্ত্র সংগঠন নেই। যতোটুকু জানতে পেরেছি, ইউপিডিএফের আভ্যন্তরীণ কোন্দল আর এলাকাবাসীর প্রতিরোধের মুখে এ ঘটনা ঘটেছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৬৫০ ঘ.