নারায়ণগঞ্জ, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাঁচ ডাকাতকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। তাদের কাছ থেকে কয়েকটি দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
সোনারগাঁ থানার ওসি মো. ইউনূস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার সনমান্দি ইউনিয়নের পশ্চিম সনমান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন- জসিম (২৮), খোকন (২২), ইব্রাহিম (২৫), শাহ আলম (২৭) ও মাসুদ (২৩)। আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, ১৫-২০ জন ডাকাতের একটি দল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পশ্চিম সনমান্দি গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। বিষয়টি টের পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য হোসেন মিয়া মসজিদের মাইকে সবাইকে সাবধান করে দেন। এতে এলাকার কয়েকশ’ লোক লাঠিসোটা ও টেঁঁটা-বল্লম নিয়ে ডাকাতদের ধাওয়া করে।
“সনমান্দি চক থেকে ডাকাত দলের পাঁচ সদস্যকে ধরে পিটুনি দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে হাসপাতালে ভর্তি করে।”
তিনি জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে কয়েকটি রামদা, ছোরা, কিরিচ ও তালা ভাঙার যন্ত্র উদ্ধার করা হয়েছে।
বিক্ষুব্ধ এলাকাবাসী রাতে সনমান্দি গ্রামের ডাকাত সর্দার হিসেবে পরিচিত আলী আকবরের বাড়ি ভাঙচুর করে বলেও জানান ওসি।
ইউনূস আলী বলেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে। রাতের ঘটনাতেও পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৪৪৪ ঘ.
bdnews24