২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুনর্বিবেচনার আবেদন নিয়ে আপিল বিভাগে ইউনূস

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ নিয়ে আপিল বিভাগের আদেশ পুনর্বিবেচনার আবেদন করেছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2011, 07:33 AM

Updated : 24 Aug 2022, 05:29 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ নিয়ে আপিল বিভাগের আদেশ পুনর্বিবেচনার আবেদন করেছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। তার আইনজীবী ব্যরিস্টার সারা হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, ড. ইউনূস হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন করলে গত ৫ এপ্রিল আপিল বিভাগ তা খারিজ করে দেয়। ওই আদেশ পুনর্বিবেচনার করতে সুপ্রিম কোর্টে একটি আবেদন দাখিল করা হয়েছে। সুপ্রিম কোর্টে বর্তমানে অবকাশ চলছে। অবকাশ শেষে আদালত খোলার পর ১৫ ডিসেম্বর দাখিল করা এই আবেদনের শুনানি হতে পারে। অনুমোদন না নিয়ে পদে থাকার কারণ দেখিয়ে কেন্দ্রীয় ব্যাংক গত ২ মার্চ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে ইউনূসকে অব্যাহতি দেয়। এর বিরুদ্ধে ইউনূস ও গ্রামীণ ব্যাংকের ৯ পরিচালকের করা দুটি রিট আবেদন গত ৮ মার্চ সরাসরি খারিজ করে হাইকোর্ট। ইউনূস এই খারিজ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে গেলে তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ তাও বাতিল করে দেয়। আপিল বিভাগের আদেশ প্রত্যাহারের জন্য ড. ইউনূস একটি রিকল আবেদন করেছিলেন। সেটিও ৫ মে খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত। আপিল বিভাগের আদেশে বলা হয়, “ভ্রান্ত ধারণা থেকে ইউনূসের লিভ টু আপিল খারিজের আদেশ প্রত্যাহারের আবেদন (রিকল) করা হয়েছে। যদিও আমরা সংবিধানের ১০৪ অনুচ্ছেদ অনুযায়ী আবেদনটি শুনেছি, রিকল হিসেবে নয়।” ওই রায়ের পর গ্রামীণ ব্যাংক থেকে সরে যেতে হয় ইউনূসকে। রিকলের সেই আবেদন খারিজের পর সাংবাদিকরা অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চেয়েছিলেন- ইউনূস আইনি লড়াইয়ে চূড়ান্তভাবে হারলেন কি না। জবাবে রিভিউ আবেদন করার একটি সম্ভাবনার কথা বলেছিলেন অ্যাটর্নি জেনারেল। রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকতা সে সময় সাংবাদিকদের বলেন, “দেখি, তারা রিভিউ করেন কি না।” তিন দশক আগে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাকাল থেকেই ইউনূস এ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন। প্রতিষ্ঠাকালে এ ব্যাংকে সরকারের মালিকানা ৬০ শতাংশ থাকলেও বর্তমানে তা ২০ শতাংশে নিচে নেমে এসেছে, যার সমালোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। ক্ষুদ্রঋণের মাধ্যমে দারিদ্র বিমোচনের চেষ্টার স্বীকৃতি হিসেবে ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার জয় করে গ্রামীণ ব্যাংক ও ইউনূস। তবে গত বছরের ডিসেম্বরে নরওয়ের টেলিভিশনে প্রচারিত একটি প্রামাণ্যচিত্রে গ্রামীণ ব্যাংককে দেওয়া বিদেশি অর্থ এক তহবিল থেকে অন্য তহবিলে স্থানান্তরের অভিযোগ ওঠে ইউনূসের বিরুদ্ধে, যা নিয়ে ব্যাপক আলোচনা হয়। পরে গ্রামীণ ব্যাংকের কর্মকাণ্ড পর্যালোচনায় একটি কমিটি গঠন করে সরকার। বয়সসীমা অতিক্রান্ত হওয়ার পরও ইউনূসের পদে থাকা নিয়ে সমালোচনা শুরু হয় এর পরপরই। অবশ্য ইউনূস সে সময় দাবি করেন, তিনি ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরতে চাইলেও পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের কারণে তাকে থেকে যেতে হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৩১০ ঘ.