২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি শিক্ষক সমিতির সভাপতি মামুন, সম্পাদক শরিফ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে উপাচার্যপন্থী আওয়ামী শিক্ষকরা সভাপতি ও সম্পাদক ছাড়া ১১টি পদে জয়ী হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2011, 06:21 PM

Updated : 24 Aug 2022, 05:29 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে উপাচার্যপন্থী আওয়ামী শিক্ষকরা সভাপতি ও সম্পাদক ছাড়া ১১টি পদে জয়ী হয়েছেন। সভাপতি হয়েছেন উপাচার্য বিরোধী আওয়ামী প্যানেলের অধ্যাপক ড. এ এ মামুন। সম্পাদক নির্বাচিত হন বিএনপিপন্থী প্যানেলের ড. মো. শরিফ উদ্দিন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক একেএম আবুল কালাম বিজয়ীদের নাম ঘোষণা করেন। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। এবার মোট ৫০৪ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এবার বিএনপি সমর্থক শিক্ষকরা ‘বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতা সাবভৌমত্ব ও বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী উদারপন্থী প্যানেল’, উপাচার্যপন্থী আওয়ামী শিক্ষকরা ‘মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আওয়ামী প্যানেল’ এবং উপাচার্য বিরোধী আওয়ামী শিক্ষকরা ‘মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক সংগঠন প্যানেল’ এর অধীনে নির্বাচনে অংশ নেন। সমিতির ১৫টি পদের নির্বাচনে ১১টিতে উপাচার্যের পক্ষের আওয়ামী লীগ, একটিতে উপাচার্য বিরোধী আওয়ামী লীগ এবং বাকি তিনটি পদে বিএনপিপন্থী শিক্ষকরা জয়লাভ করেন। বিএনপিপন্থী শিক্ষকদের প্যানেলে বাকি দু’জন বিজয়ী হয়েছেন সদস্য পদে। এরা হলেন ড. মো. সোহেল রানা ও ড. সৈয়দ মোহাম্মাদ কামরুল আহছান। উপাচার্যপন্থী আওয়ামী প্যানেলের বিজয়ীরা হলেন সহ-সভাপতি আবুল খায়ের, কোষাধ্যক্ষ হাসিবুর রহমান, সহ-সম্পাদক মোতাহার হোসেন, সদস্য মোহাম্মদ বখতিয়ার রানা, আহমেদ রেজা, মো. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, মো. নুরুল আলম, প্রীথিলা নাজনিন নীলিমা, শেখ মনজুরুল হক, মো. খবির উদ্দিন, মো. লুৎফর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১৯ ঘ.