নাটোর, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে অপহরণ ও ছিনতাই ঘটনায় মামলা করে প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন নাটোরের এক ব্যবসায়ী।
গত মঙ্গলবার দুপুরে হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে থেকে অপহরণ করা হয় রসুন ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিককে (৪৮)। পরে টাকা পয়সা নিয়ে মারধর করে রাস্তায় ফেলে দেয়।
বুধবার ওই ঘটনায় সদর থানায় মামলা করেন আবু বক্কর সিদ্দিক।
মামলার আসামিদের হুমকির কারণে চিকিৎসাধীন অবস্থায় বৃহষ্পতিবার আবু বক্কর সিদ্দিক নাটোর সদর হাসপাতাল থেকে পালিয়ে গেছেন।
মামলার বরাত দিয়ে নাটোর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, মঙ্গলবার দুপুরে বড়াইগ্রামের রসুন ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক নাটোর শহরের জনতা ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফিরছিলেন। তিনি ও তার দোকানের কর্মচারী আব্দুস সাত্তার মটর সাইকেলে হরিশপুরের হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে পৌঁছলে একটি সাদা মাইক্রোবাস তাদের গতিরোধ করে।
মাইক্রোবাস থেকে ছিনতাইকারীরা নেমে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদের দু’জনকে জোর করে মাইক্রোবাসে তুলে নেয়। এরপর তাদের চোখ ও মুখ বেঁধে মারধর করে।
ওই রাতেই অচেতন অবস্থায় স্থানীয় লোকজন তাদের বগুড়ার শাজাহানপুরের তিতপুর গ্রাম থেকে উদ্ধার করে।
আবু বক্কর সিদ্দিক বৃহষ্পতিবার সাংবাদিকদের জানান, অপহরণকারীদের হাতে ওয়ারলেস সেট ও বেতের লাঠি ছিল। আবারো দেখলে তিনি তাদের চিনতে পারবেন।
তিনি জানান, তাদেরকে মাইক্রোবাসে ওঠানোর পর তার কাছে থাকা এক লাখ ঊনষাট হাজার টাকা ও দুটি মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়। মাইক্রোবাসের সিটের সঙ্গে বেঁধে তাদের গলায় ফাঁস দিয়ে হত্যার চেষ্টাও করে। এক পর্যায়ে নাকে-মুখে রক্ত এসে তারা অচেতন হয়ে পড়ে।
আবু বক্কর দাবি করেন, ওই সময় মাইক্রোবাসে নাটোর ডিবি পুলিশের সোর্স ও বড়াইগ্রাম পৌর কাউন্সিলর আব্দুস সাত্তার এবং মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন। তারা বহুদিন থেকে তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন।
চার মাস আগে তারা তার এক ট্রাক রসুন ছিনতাই করেন। আজও ওই রসুন উদ্ধার হয়নি। এ ব্যাপারে বড়াইগ্রাম থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলেও তিনি অভিযোগ করেন।
তার আশঙ্কা, ছিনতাইকারীদের হাত অনেক লম্বা। তারা তাকে বাঁচতে দেবে না। এখন তারা মামলা উঠানোর জন্য চাপ দিচ্ছে।
এ ব্যাপারে সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনার একদিন পর বুধবার মামলা করা হয়েছে। ওই রাতেই আমরা আসামিদের ধরতে অভিযান চালিয়ে ধরতে পারিনি। তবে অভিযুক্তদের চিহ্নিত করার সবরকম চেষ্টা করা হচ্ছে।
নাটোরের পুলিশ সুপার কাইয়ুম্জ্জুামান খান বলেন, “ঘটনার সঙ্গে আইনশৃংক্ষলা রক্ষাকারী বাহিনী জড়িত আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। আশা করছি জড়িতদের খুব অল্প সময়ের মধ্যে গ্রেপ্তার করা যাবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৫ ঘ.
bdnews24