ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রবীন্দ্রনাথ ঠাকুরের নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগ্রহের কথা আবার জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশ্বকবির সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার ঢাকায় তিন দিন ব্যাপী রবীন্দ্র উৎসব উদ্বোধন করে তিনি তার আগ্রহের কথা জানান।
কবিগুরুর সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে বছরের মাঝামাঝিতে সরকারি অনুষ্ঠানেও কবিগুরুর নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগ্রহ তুলে ধরেছিলেন।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন রবিঠাকুরের ২ হাজার ২২২টি গানের অ্যালবাম শ্র“তি গীতবিতান ডিভিডির মোড়ক উন্মোচন করেন।
শেখ হাসিনা বলেছেন, “রবীন্দ্রনাথ ছাড়া বাংলা সাহিত্যচর্চা কীভাবে হবে, তা আমার জানা নেই। আমাদের দুঃখ-বেদনা, আশা, যা কিছু প্রকাশ সব জায়গায় আমরা রবীন্দ্রনাথকে খুঁজে পাই।”
বাংলার ছাত্রী হিসেবে রবীন্দ্র অধ্যয়নের কথা জানিয়ে তিনি বলেন, “বিশ্বকবি আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তার কথা বলে শেষ করা যাবে না। রবীন্দ্রনাথ না পড়লে যেন জীবনটাই বৃথা।”
ডিভিডির মোড়ক উন্মোচন করে অমর্ত্য সেন বলেন, “ছোটবেলা থেকেই রবীন্দ্রচর্চা করে আসছি। কিন্তু রবীন্দ্রের সৃষ্টি দিয়ে এমন কিছু একটা হতে পারে, তা আগে কখনো ভাবিনি।”
“গীতবিতানের মোড়ক উম্মোচনের যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, এর চেয়ে বড় আনন্দের অন্য কিছু হতে পারে না,” যোগ করেন তিনি।
তিন দিনব্যাপী এই উৎসবের আয়োজন করেছে রবীন্দ্র সংগীত শিক্ষা প্রতিষ্ঠান সুরের ধারা।
উৎসবের প্রথম দিন সন্ধ্যা সাড়ে ৬টায় রবীন্দ্রনাথের জীবনদর্র্শন নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া রবীন্দ্র কবিতা আবৃত্তি, সংগীত অনুষ্ঠানের আয়োজনও রয়েছে উৎসবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/২১০০ ঘ.
bdnews24