চট্টগ্রাম, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বাঁশখালী, লক্ষ্মীপুর ও নোয়াখালীতে সদর উপজেলায় অভিযান চালিয়ে নয়টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের অভিযানে এই পদক্ষেপ নেওয়া হয়। নয়টির মধ্যে আটটি ইটভাটাকে মোট ৮ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক জাফর আলম লক্ষ্মীপুর ও নোয়াখালীতে অভিযানে নেতৃত্ব দেন। অন্যদিকে সহকারী পরিচালক মাইন উদ্দিনের নেতৃত্বে বাঁশখালীতে অভিযান চলে।
পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তা জমির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লক্ষ্মীপুর সদর উপজেলার চারটি, নোয়াখালীতে একটি এবং বাঁশখালীতে চারটি ইটভাটা বন্ধ করা হয়েছে।
তিনি জানান, নিষিদ্ধ পদ্ধতিতে ড্রাম চিমনীর মাধ্যমে এসব ইটভাটার কার্যক্রম পরিচালিত হচ্ছিলো। ইটভাটাগুলোর মালিকদেরকে জরিমানার টাকা ১ জানুয়ারির মধ্যে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।
লক্ষ্মীপুরে বন্ধ করে দেওয়া চার ইটভাটার মধ্যে ইকবাল ব্রিকসকে দুই লাখ টাকা, চৌধুরী ব্রিকসকে এক লাখ টাকা, এ কে পি ব্রিকসকে এক লাখ টাকা ও ফিরোজ ব্রিকসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাঁশখালীর মোহাম্মদ মিয়া ব্রিকস, খাজা অ্যান্ড চৌধুরী ব্রিকস, ইসমাইল এন্টারপ্রাইজ ও এন টি ব্রিকসের প্রত্যেকটিকে এক লাখ টাকা করে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়।
এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ দুটি ইটভাটার মালিককে গ্রেপ্তার করা হয়েছে। ছাড়পত্র ছাড়াই পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করে অবৈধ ইটভাটা চালানোয় চারটি ইটভাটার কাছ থেকে ১২ লাখ টাকা জরিমানাও আদায় করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. নাছির উদ্দিন মিঞা ও রিয়াজ উদ্দিন ভূঁঞা।
পরিবেশ অধিদপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট শাখার পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইটভাটাগুলোর মধ্যে তিনটি গত ১৬ বছর ধরে প্রায় ১০ একর কৃষি ও আবাদি জমি ব্যবহার করে উৎপাদন চালিয়ে আসছিলো।
মেসার্স মাতুয়াইল ব্রিকস-১, ২ ও ৩ নামের এ ইটভাটাগুলো এসময়ের মধ্যে পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমতিই গ্রহণ করেনি। এছাড়া মেসার্স ভূঞা ব্রিকসও ছাড়পত্র ছাড়াই চার বছর ধরে কাজ চালাচ্ছিলো বলে অধিদপ্তর জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/কিউএইচ/আরআরডি/২০৪০ ঘ.
bdnews24