২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজি-হত্যাচেষ্টার মামলা সাংসদ বিপুর বিরুদ্ধে

চাঁদাবাজি ও হত্যাচেষ্টার অভিযোগে ঢাকা-৩ আসনের সংসদ সদস্য নসরুল হামিদ বিপুসহ নয় জনের বিরুদ্ধে মামলা করেছে একটি মানবাধিকার সংস্থার কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2011, 02:24 PM

Updated : 24 Aug 2022, 05:29 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজি ও হত্যাচেষ্টার অভিযোগে ঢাকা-৩ আসনের সংসদ সদস্য নসরুল হামিদ বিপুসহ নয় জনের বিরুদ্ধে মামলা করেছে একটি মানবাধিকার সংস্থার কর্মকর্তা। তবে ক্ষমতাসীন দলের এই সংসদ সদস্য বলেছেন, তিনি মামলার বাদিকে চেনেনই না। বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মানবাধিকার সংস্থা ‘হোপস ডোর বাংলাদেশ’র চেয়ারম্যান শামীমুন নাহার মামলাটি দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন- কবির হোসেন কাজল (৪৭), ফুয়াদ হোসেন (৫৪), মোশারফ হোসেন সানু (৫৪), আরিফুর রশিদ (৫১), রশিদ হেলালী (৫৪), রমজান আলী (৪৮), দুরদানা রশিদ ও ডেইজী হাসান আইরিন। মহানগর হাকিম আব্দুল কাদের বাদির জবানবন্দি নিয়ে রামপুরা থানার ওসিকে অভিযোগটি এজাহার হিসাবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। শামীমুন নাহারের অভিযোগ, পূর্বশত্র“তার জের ধরে আসামিরা তাকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য একাধিকবার হত্যার পরিকল্পনা করে। এ কারণে থানায় একাধিক সাধারণ ডায়েরি ও মামলা করা হয়। মামলায় বলা হয়, “নসরুল হামিদ বিপুর নির্দেশে ও প্ররোচনায় অন্য আসামিরা প্রায়ই বাদির কাছে ২০ লাখ টাকা চাঁদা এবং বাদির পৈত্রিক বাড়ির একটি ফ্ল্যাট দাবি করে।” ঘটনার বর্ণনায় বলা হয়, গত বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে আদালতের কাজ সেরে বাসায় ফেরার পথে অন্যান্য আসামিরা রামপুরা থানা এলাকার মিরাজ হোটেলের গলির মাঝামাঝি একটি কালো মাইক্রোবাসে করে এসে বাদিকে হত্যার উদ্দেশ্যে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাদি আহত হন। এ সময় আসামি কাজল, ফুয়াদ, মোশারফ, রশিদ, হেলালী, রমজান বাদির কাছ থেকে দুটি নন জুডিশিয়াল ষ্ট্যাম্প ও ছয়টি সাদা কাগজে স্বাক্ষর নেয় বলে মামলার অভিযোগ। সাংসদ বিপুর বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছেও অভিযোগ করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে নসরুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি শামীমুন নাহার নামে কাউকে চিনিই না। আসামির তালিকায় যাদের নাম রয়েছে, তাদেরও চিনি না।” “আমি জেনেছি, এজাহারে যে নামটি আমার বলা হচ্ছে, তাও ভুল, বাবার নামও ভুল রয়েছে,” বলেন তিনি। নসরুল বলেন, “আমি রাজনীতি করি, কে কোন উদ্দেশ্যে এই মামলাটি করেছে, তা এই মুহূর্তে আমার বোধগম্য নয়।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কিউএইচ/এমআই/২০২১ ঘ.