২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রীর আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার নীলফামারীতে

যোগাযোগ মন্ত্রীর আশ্বাসে চলমান ৪৮ ঘণ্টার ধর্মঘট প্রত্যাহার করেছে পরিবহন মালিক ও শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2011, 12:35 PM

Updated : 24 Aug 2022, 05:29 PM

নীলফামারী, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যোগাযোগ মন্ত্রীর আশ্বাসে চলমান ৪৮ ঘণ্টার ধর্মঘট প্রত্যাহার করেছে পরিবহন মালিক ও শ্রমিকরা। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় নীলফামারীর পরিবহন মালিক ও শ্রমিকদের একটি যৌথ বৈঠকে এই ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয় বলে নীলফামারী মটর শ্রমিক ইউনিয়ন নেতারা জানিয়েছেন। ইউনিয়নের সভাপতি আকতার হোসেন বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সড়ক সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।” তার আশ্বাসের পরিপ্রেক্ষিতে বিকালে আন্দোলনরত নেতারা বৈঠক করে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। বাদাল আরো বলেন, আগামী সোমবার স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূরসহ নীলফামারীর পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে এ নিয়ে বৈঠক করবেন যোগযোগমন্ত্রী। নীলফামারী-ডোমার সড়কের ২২ কিলোমিটার রাস্তা মেরামতের দাবিতে জেলার ১৩টি রুটে বৃহস্পতিবার সকাল থেকে ৪৮ ঘণ্টার ধর্মঘট শুরু করে জেলা বাস-মিনিবাস, ট্রাক-ট্যাংকলরি মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন ফেডারেশন। এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিষয়টি সুরাহার জন্য তিনি যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরকে অনুরোধ করেন। এরপর ধর্মঘট প্রত্যাহরের অনুরোধ জানিয়ে ধর্মঘটি নেতাদের সঙ্গে টেলিফোনে নিজেও কথা বলেন। পরে ওবায়দুল কাদের নীলফামারী মটর শ্রমিক ইউনিয়ন সভাপতি আকতার হোসেন বাদলকে টেলিফোন করেন, বলেন আসাদুজ্জামান নূর। সড়ক সংস্কারে সমস্যার কারণ স্থানীয়ভাবে এশিয়ান হাইওয়ে নামে পরিচিত নীলফামারী-ডোমার সড়ক সংস্কার আটকে যাওয়ায় এই আন্দোলনের ডাক দেওয়া হয়। সড়ক সংস্কারে নিয়োজিত প্রকল্প ‘আরএনআই এমপি-২’ এর উপ-বিভাগীয় প্রকৌশলী সাজেদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই প্রকল্পের আওতায় ফুলবাড়ি-পার্বতীপুর, ফুলবাড়ি-মধ্যপাড়া ৩১ কিলোমিটার এবং নীলফামারী-ডোমার হয়ে পঞ্চগড়ের বোদা পর্যন্ত ৫১ কিলোমিটার মোট ৮২ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য ২০০৮ সালের অগাস্টে কার্যাদেশ দেওয়া হয়। সংস্কার কাজের দায়িত্ব পান ঠিকাদার আব্দুল মোনেম। নির্ধারিত সময়ের মধ্যে দিনাজপুর ও পঞ্চগড় অংশের কাজ শেষ হয়। তবে অর্থাভাবে সড়ক প্রশস্থ করার জন্য নীলফামারী-ডোমার অংশের ২২ কিলোমিটার সড়কে জমি হুকুম দখলে জটিলতা দেখা দেওয়ায় সংস্কার কাজ শুরু হয়নি। প্রকৌশলী সাজেদুর আরো বলেন, “সড়কের জন্য হুকুম দখলের জমির দাম দ্রুত পরিশোধ করা গেলে এবং ঠিকাদারের সঙ্গে সরকারের সমঝোতা হলে সংস্কার কাজ শুরু করা সম্ভব হবে।” গত ২৪ জুন ঠিকাদারী প্রতিষ্ঠানটির কার্যাদেশ মেয়াদ শেষ হয়ে গেছে। এরপর কর্তৃপক্ষ মেয়াদ এক বছর বাড়ালেও ঠিকাদারের দর বাড়ানোর দাবি পূরণ হয়নি। পুরনো কার্যাদেশ ও চুক্তিপত্র অনুযায়ী ঠিকাদার কাজ করতে অপরাগতা প্রকাশ করায় এই সংস্কার কাজ অনিশ্চিত হয়ে পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৮২৮ ঘ.