২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অধ্যাপক আনোয়ার আবার নির্বাচিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিতে সভাপতি পদে সরকার সমর্থক প্যানেল থেকে আবার নির্বাচিত হয়েছেন অধ্যাপক আনোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2011, 12:14 PM

Updated : 24 Aug 2022, 05:29 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিতে সভাপতি পদে সরকার সমর্থক প্যানেল থেকে আবার নির্বাচিত হয়েছেন অধ্যাপক আনোয়ার হোসেন। বৃহস্পতিবার ভোটগ্রহণের পর বিকালে ফলাফলে দেখা যায়, আওয়ামী লীগ ও বামপন্থী সমর্থক শিক্ষকদের ‘নীল’ প্যানেল গত বছরের মতো এবারো ১৫টি পদের ১১টিতেই জয়ী হয়েছে। নির্বাচনে জয়ের প্রতিক্রিয়ায় কর্নেল তাহেরের ভাই অধ্যাপক আনোয়ার সাংবাদিকদের বলেন, “আমাদের ঐক্য দৃঢ় ঐক্য থাকার কারণেই শিক্ষকরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির পক্ষে রায় দিয়েছেন।” “যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে সারাদেশের মানুষের যে অবস্থান, এ রায়ের মাধ্যমে তা আবারো প্রমাণিত হলো,” বলেন জরুরি অবস্থার সময় কারানির্যাতিত এই শিক্ষক। ঢাবি ক্লাব ভবনে নির্বাচনের কমিশনার অধ্যাপক মকবুলুর রহমান ফলাফল ঘোষণার পর প্রতিক্রিয়া জানান প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আনোয়ার। সমিতিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নীল প্যানেলের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মো. অহিদুজ্জামান। নীল প্যানেলের বিজয়ী অন্যরা হলেন- সহসভাপতি পদে অধ্যাপক আ ব ম ফারুখ (ওষুধ প্রযুক্তি), কোষাধ্যক্ষ পদে অধ্যাপক মো. কামাল উদ্দীন (ইন্টারন্যাশনাল বিজনেস), যুগ্ম-সম্পাদক পদে অধ্যাপক সাবিতা রিজওয়ানা রহমান (অনুজীব বিজ্ঞান) এবং সদস্য পদে অধ্যাপক আবুল বারাকাত (অর্থনীতি), অধ্যাপক নাসরিন আহমেদ (ভূগোল ও পরিবেশ), অধ্যাপক ফকরুল আলম (ইংরেজি), অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ (অর্থনীতি), ড. মো. আখতারুজ্জামান (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি), অধ্যাপক সহিদ আকতার হোসাইন (মৃত্তিকা, পানি ও পরিবেশ)। বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থিত সাদা দল চারটি সদস্য পদে বিজয়ী হয়েছে। তারা হলেন- অধ্যাপক সদরুল আমিন(ইংরেজি), অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম (পদার্থ বিজ্ঞান), অধ্যাপক মো. লুৎফর রহমান (পরিসংখ্যান, প্রাণ পরিসংখ্যান ও তথ্য পরিসংখ্যান) ও অধ্যাপক লায়লা নূর ইসলাম (প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান)। পরাজয়ের প্রতিক্রিয়ায় সভাপতি পদে পরাজিত অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম সাংবাদিকদের বলেন, “অনেক পদে হারলেও আমাদের ফল গতবারের চেয়ে ভালো হয়েছে, কারণ এবার গতবারের চেয়ে কম ব্যবধানে জিতেছে তারা।” নির্বাচনে ১ হাজার ৭০০ জন ভোটারের মধ্যে ১ হাজার ২৬১ জন ভোট দেন বলে নির্বাচন কমিশনার জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮১৩ ঘ.