২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পররাষ্ট্র নীতি ভারতমুখী নয়: দীপু মনি

বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারতমুখী- বিরোধী দলের এমন অভিযোগ উড়িয়ে দিয়ে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, নিকটতম প্রতিবেশী হিসেবে ভারত গুরুত্ব পেলেও তার মন্ত্রণালয় কাজ রয়েছে বিস্তৃত পরিসরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2011, 12:09 PM

Updated : 24 Aug 2022, 05:29 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারতমুখী- বিরোধী দলের এমন অভিযোগ উড়িয়ে দিয়ে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, নিকটতম প্রতিবেশী হিসেবে ভারত গুরুত্ব পেলেও তার মন্ত্রণালয় কাজ রয়েছে বিস্তৃত পরিসরে। বৃহস্পতিবার মন্ত্রণালয়ে নিজের দপ্তরে তিনি সাংবাদিকদের বলেন, “ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। ভৌগলিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে ভারত বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে তার মানে এই নয় যে, অন্যান্য দেশ ও আন্তর্জাতিক ফোরামগুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি না।” মন্ত্রী বলেন, আমদানি, রপ্তানি, মানবসম্পদ, জলবায়ু পরিবর্তন, জাতিসংঘের কার্যাবলী এবং অন্যান্য বহু বিষয় পররাষ্ট্র নীতির অংশ এবং এসব ক্ষেত্রে তার পররাষ্ট্র মন্ত্রণালয় সক্রিয়ভাবে সম্পৃক্ত। “চীন ও ভারত থেকে আমাদের অধিকাংশ পণ্য আমদানি হলেও আমাদের সবচেয়ে বেশি পণ্য রপ্তানি হয় যুক্তরাষ্ট্র ও ইউরোপে। মধ্যপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়া বাংলাদেশি শ্রমিক রপ্তানির সবচেয়ে বড় জায়গা এবং আমার মন্ত্রণালয় সব বিষয় নিয়েই কাজ করছে।” দীপু মনি দাবি করেন, বাংলাদেশ এখন জাতিসংঘের কর্মকাণ্ডে আগের যে কোনো সময়ের তুলনায় বেশি সক্রিয়। জাতিসংঘের ৪২ থেকে ৪৩টি অঙ্গ সংস্থার পরিচালনা পর্ষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব রয়েছে। “শান্তিরক্ষী বাহিনীতে আমাদের জোরালো উপস্থিতির পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের বিষয়েও আমরা সরব”, বলেন তিনি। টিপাইমুখে বাঁধের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট জানিয়ে দীপু মনি বলেন, “বাংলাদেশের ওপর এ প্রকল্পের কোনো বিরূপ প্রভাব আছে কি না তা খতিয়ে দেখতে আমরা যৌথ সমীক্ষা চাই।” সমীক্ষায় বাংলাদেশে এর নেতিবাচক প্রভাবের চিত্র পাওয়া গেলে এ প্রকল্পের বিরুদ্ধে প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নেওয়া হবে, বলেন তিনি। “কিন্তু এটা বাংলাদেশের জন্য লাভজনক হবে বলে সমীক্ষায় প্রমাণিত হলে ওই প্রতিবেদন অনুযায়ী পদক্ষেপ নেবে সরকার,” যোগ করেন মন্ত্রী। সন্ত্রাস দমন পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে সন্ত্রাসবিরোধী পদক্ষেপ জোরালো করছে। “সন্ত্রাস ও সন্ত্রাসবাদে অর্থায়নের বিরুদ্ধে আমরা আইন করেছি,” বলেন তিনি। আইনের সুষ্ঠু বাস্তবায়নের জন্য প্রশাসনের সক্ষমতা বাড়াতে পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে দীপু মনি বলেন, “মাদক, অস্ত্র ও মানবপাচারও সন্ত্রাসের অংশ। আইনের কোনো ফাঁক থাকলে তা পূরণ করা হবে।” খাদ্য নিরাপত্তা ও জলবায়ু দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা আফ্রিকা ও অন্যান্য এলাকায় চুক্তিতে কৃষি উৎপাদন করছি।” জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম বাংলাদেশ এ বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে সোচ্চার বলে জানান তিনি। দীপু মনি বলেন, “জলবায়ু পরিবর্তন রোধে ব্যবস্থা নিতে ঝুঁকির মুখে থাকা সব দেশের সঙ্গে কাজ করছে বাংলাদেশ।” বাণিজ্য বাংলাদেশের জ্বালানি খাতে উত্তর কোরিয়ার বিনিয়োগ সম্ভাবনা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক আছে এবং অন্য দেশের মতো তারাও বিনিয়োগ করতে পারে।” যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা নিয়ে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেম কোঅপারেশন (টিআইএফসিএ) চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে দুপক্ষের মধ্যে আলোচনা চলছে বলে জানান তিনি। দীপু মনি বলেন, “চুক্তির একটি বা দুটি শর্ত নিয়ে আমাদের আলোচনার প্রয়োজন আছে এবং জাতীয় স্বার্থ অক্ষুন্ন রেখে এ চুক্তি করার বিষয়ে আমরা আশাবাদী।” রাষ্ট্রদূত নিয়োগ জাপান ও দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি রাষ্ট্রদূতের পদটি কয়েক মাস ধরে ফাঁকা থাকার বিষয়টি নজরে আনা হলে মন্ত্রী বলেন, কোনো দেশে রাষ্ট্রদূত নিয়োগের ক্ষেত্রে একটি প্রক্রিয়া মেনে চলতে হয় এবং তাতে চার থেকে ছয় মাস সময় লাগে। দক্ষিণ আফ্রিকা ও জাপান তৈরি পোশাকসহ বাংলাদেশি পণ্য রপ্তানির একটি বড় বাজার হওয়া জোরালো সম্ভাবনা রয়েছে। তা সত্ত্বেও আফ্রিকার সবচেয়ে শিল্পোন্নত দেশটিতে প্রায় এক বছর এবং এশিয়ার সবচেয়ে শিল্পোন্নত দেশগুলোর একটি জাপানে প্রায় চার মাস ধরে কোনো রাষ্ট্রদূত নেই। ল্যাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়নে জোর দেওয়ার কথা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ব্রাজিলের আবারো মিশন চালু করে এবং মেক্সিকোয় মিশন খুলে ল্যাতিন আমেরিকায় বাংলাদেশের উপস্থিতি বাড়াতে যাচ্ছে সরকার।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/জেকে/এমআই/২০১৫ ঘ.