২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলাচল নিষিদ্ধের প্রতিবাদে চট্টগ্রামে রিকশা মিছিল

চট্টগ্রাম নগরীর সিডিএ এভিনিউয়ে রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বৃহস্পতিবার সড়কটিতে মানববন্ধন ও রিকশা মিছিল হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2011, 11:23 AM

Updated : 24 Aug 2022, 05:29 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর সিডিএ এভিনিউয়ে রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বৃহস্পতিবার সড়কটিতে মানববন্ধন ও রিকশা মিছিল হয়েছে। যানজট নিরসনের কারণ দেখিয়ে আগামী ১ জানুয়ারি থেকে বন্দর নগরীর বারিক বিল্ডিং মোড় থেকে বহদ্দারহাট মোড় পর্যন্ত (সিডিএ এভিনিউ) সড়কে রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এ সিদ্ধান্তের প্রতিবাদে ‘চট্টগ্রাম মহানগরী রিকসা চালক-মলিক সমন্বয় সংগ্রাম পরিষদ’ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত মানববন্ধন করে। দাবি পূরণ না হলে ২ জানুয়ারি নগরীতে হরতালের কর্মসূচি দেওয়ার হুমকিও দিয়েছেন তারা। মানববন্ধন চলার সময় টাইগার পাস মোড় থেকে বহদ্দারহাট পর্যন্ত সড়কে রিকশা নিয়ে চালকরা অবস্থান নেন। মানববন্ধন শেষে প্রায় এক হাজার রিকশার একটি মিছিল নগরীর সিডিএ এভিনিউর আংশিক প্রদক্ষিণ করে। এরপর নগরীর ষোলশহর ২ নম্বর গেইট এলাকায় সমাবেশ করেন সংগ্রাম পরিষদ নেতারা। সমাবেশে শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের সভাপতি এ এম নাজিম উদ্দিন, শ্রমিক লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সফর আলী, আঞ্চলিক শ্রমিক লীগ সাধারণ সম্পাদক শফি বাঙ্গালি ও সংগ্রাম পরিষদের উপদেষ্টা নজরুল ইসলাম সরকার বক্তব্য দেন। সংগ্রাম পরিষদের সভাপতি এম এ কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বারিক বিল্ডিং মোড় থেকে বহদ্দারহাট পর্যন্ত রাস্তার দুই ধারে রিকশা চলাচলের আলাদা লেন বা রাস্তা না করা পর্যন্ত রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। “তা না করে ১ জানুয়ারি থেকে রিকশা চলাচলে বাধা দেওয়া হলে পরদিন নগরীতে সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।” চট্টগ্রাম মহানগরী রিকশাচালক-মালিক সমন্বয় সংগ্রাম পরিষদে চট্টগ্রাম মহানগরী রিকশাচালক-মালিক সংগ্রাম পরিষদ, চট্টগ্রাম মহানগরী রিকশা চালক-মালিক ঐক্য পরিষদ, চট্টগ্রাম মহানগরী রিকশা মালিক পরিষদ, চট্টগ্রাম মহানগরী রিকশা চালক ইউনিয়ন, সিটি রিকশা মালিক সমিতি ও রূপায়ন রিকশা ভ্যান মালিক সমিতি রয়েছে। গত ২৮ নভেম্বর চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি), চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক), বিআরটিএ ও পরিবহন মালিক সমিতির প্রতিনিধিদের বৈঠকে সিডিএ এভিনিউতে ১ জানুয়ারি থেকে রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএইচ/এমআই/১৭২০ ঘ.