২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যারিস্টার ফখরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মুক্তিযুদ্ধ নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে একটি মামলায় জামায়াতে ইসলামী নেতাদের আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2011, 08:36 AM

Updated : 24 Aug 2022, 05:29 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধ নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে একটি মামলায় জামায়াতে ইসলামী নেতাদের আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। বৃহস্পতিবার সকালে ঢাকার মহানগর হাকিম তানভীর আহমেদ এ মামলায় ব্যারিস্টার ফখরুলকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আগামী ৪ এপ্রিল এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন রেখেছেন তিনি। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারাধীন জামায়াত নেতাদের আইনজীবী ফখরুল গতবছর ২২ সেপ্টেম্বর সাংবাদিকদের বলেন, “একাত্তরে যুদ্ধ হয়েছে পাকিস্তানের সঙ্গে ভারতের, বাংলাদেশের সঙ্গে নয়।” বিতর্কিত ওই মন্তব্যের পর ৩০ সেপ্টেম্বর তার বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা করেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদরুল আলম চৌধুরী। এতে বাদী ও মুক্তিযোদ্ধাদের মানহানি করার অভিযোগ আনা হয়। ওই বক্তব্যের কারণে ফখরুলের বিরুদ্ধে টাঙ্গাইল, নওগাঁ ও ময়মনসিংহেও মামলা হয়। সাদরুল আলমের দায়ের করা মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষে মহানগর হাকিম তানভীর আহমেদ বৃহস্পতিবার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন। ফখরুল ইসলাম আদালতে অনুপস্থিত থাকায় বাদী পক্ষের আবেদনে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিরও আদেশ দেন বিচারক। বৃহস্পতিবার অভিযোগ গঠনের সময় বাদীর পক্ষে আদালতে উপস্থিত ছিলেন তার আইনজীবী উম্মে কুলসুম স্মৃতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১৪০৫ ঘ.