২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুরের ধারার তিন দিনব্যাপী রবীন্দ্র উৎসব

রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশতজন্মবর্ষ (দেড়শ বছর) উপলক্ষে তিন দিনব্যাপী রবীন্দ্র উৎসব আয়োজন করেছে রবীন্দ্র সংগীত শিক্ষা প্রতিষ্ঠান ‘সুরের ধারা’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2011, 03:04 PM

Updated : 24 Aug 2022, 05:28 PM

ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশতজন্মবর্ষ (দেড়শ বছর) উপলক্ষে তিন দিনব্যাপী রবীন্দ্র উৎসব আয়োজন করেছে রবীন্দ্র সংগীত শিক্ষা প্রতিষ্ঠান ‘সুরের ধারা’। বৃহস্পতিবার বিকাল ৪টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উৎসব উদ্বোধন করার কথা। উৎসব উদযাপন পরিষদের সম্পাদক রেজওয়ানা চৌধুরী বন্যা বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, “উদ্বোধনী অনুষ্ঠানে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন শ্র“তি গীতবিতান ডিভিডির মোড়ক উন্মোচন করবেন।” উৎসবের প্রথম দিন সন্ধ্যা ৬টায় রবীন্দ্রনাথের জীবনর্র্দশন নিয়ে আলোচনা সভা হবে। এতে সভাপতিত্ব করবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ হাবিবুর রহমান ও অধ্যাপক অমর্ত্য সেন প্রধান বক্তা এবং কবি শঙ্খ ঘোষ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সন্ধ্যা ৭টায় কবিতা আবৃত্তি করবেন ব্রততী বন্দ্যোপাধ্যায় এবং রবীন্দ্রনাথের লেখা গান গাইবেন শ্রীকান্ত আচার্য। রাত ৮টায় ভারতের একটি সংগঠন নৃত্যনাট্য ‘চণ্ডালিকা’ মঞ্চস্থ করবে। দ্বিতীয় দিন শুক্রবার সকাল ১০টায় রবীন্দ্রনাটক, ১১টায় রবীন্দ্র সংগীত, দুপুর ২টায় রবীন্দ্রকবিতা, ৩টায় রবীন্দ্রচিত্রকলা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। পাশাপাশি রবীন্দ্র সংগীত পরিবেশন ও নাটক মঞ্চস্থ হবে। উৎসবের শেষ দিন শনিবার সকাল ১০টায় রবীন্দ্রনাথের ছোটগল্প, সাড়ে ১১টায় রবীন্দ্রনাথের উপন্যাস, দুপুর ২টায় রবীন্দ্র ও উন্নয়ন ভাবনা, দুপুর ৩টায় রবীন্দ্রনাথের শিক্ষা-ভাবনা বিষয়ক সেমিনার হবে। এদিনও রবীন্দ্র সংগীত পরিবেশন ও নাটক মঞ্চস্থ হবে। রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালের ৭ মে জন্মগ্রহণ এবং ১৯৪১ সালের ৭ অগাস্ট মৃত্যুবরণ করেন। তার রচিত ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ রয়েছে। এছাড়া ৯৫টি ছোটগল্প এবং ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্ত্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাগারে অপ্রকাশিত রচনা ৩২ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। পাশাপাশি বিভিন্ন ব্যাক্তিকে রবীন্দ্রনাথের লেখা বিপুল সংখ্যক চিঠি উনিশ খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত হয়েছে। ১৯১৩ সালে সাহিত্যে নোবেলজয়ী এ কবির বিভিন্ন লেখা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/২১০১ ঘ.