২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলি করে টাকা ছিনতাই: আটক তিন

রাজধানীর বংশালে একজনকে গুলি করে হত্যা করে ১০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2011, 01:20 PM

Updated : 24 Aug 2022, 05:28 PM

ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বংশালে একজনকে গুলি করে হত্যা করে ১০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- দিদারুল ইসলাম ওরফে সোহেল ওরফে কিলার সোহেল (৩২), শাহ আলম (৩২) ও রুবেল হোসেন গুড্ডু ওরফে কিলার গুড্ডু (৩৭)। সোহেল ও শাহ আলমকে রাজধানীর সূত্রাপুর ও মালিটোলা থেকে বুধবার দুপুর ২টার দিকে এবং এর আড়াই ঘণ্টা পর ঢাকার কেরানীগঞ্জ থানা এলাকা থেকে গুড্ডুকে গ্রেপ্তার করা হয় বলে জানান বংশাল থানার ওসি জমির উদ্দিন আহম্মেদ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনজনই হত্যাসহ একাধিক মামলার আসামি। তারা তিন মাস আগে জেল থেকে জামিনে বের হয়।” তবে ছিনতাই হওয়া কোনো টাকা উদ্ধার করা যায়নি বলে জানান ওসি। মঙ্গলবার বিকেল ৪টার দিকে ‘ইকবাল এন্টার প্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানের কর্মী রুবেল হোসেন ব্যাংক থেকে টাকা তুলে ফেরার সময় পুরান ঢাকার নর্থসাউ রোডে ছিনতাইকারীর গুলিতে নিহত হন। এসময় তার সঙ্গে থাকা নাসির গাজী নামে আরেক কর্মচারী আহত হন। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক হাবিবুর রহমান শাহীন বাদি হয়ে বংশাল থানায় মামলা করেন। সোমবারও রাজধানী কাকরাইলে এক প্রতিষ্ঠানের ব্যবস্থাপকের কাছ থেকে ফাঁকা গুলি করে ১০ লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/পিডি/১৯১৯ ঘ.