মানিকগঞ্জ, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-আরিচা মহাসড়কে বেশি বাঁক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার সকালে মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকায় ঢাকা-আরিচা মহাসড়ক পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের একথা বলেন।
তিনি জানান, এই মহাসড়কে দুর্ঘটনার প্রধান কয়েকটি কারণের অন্যতম হচ্ছে মহাসড়কের ২২টি বাঁক। দুর্ঘটনা রোধে এসব বাঁক প্রশস্ত করা হবে।
এছাড়া বাঁকগুলোতে পাইপ দিয়ে ডিভাইডারও স্থাপন করা হবে বলে তিনি জানান।
ওবায়দুল কাদের বলেন, ঢাকার ধামরাই উপজেলায় বাথুলীতে ওজন পরিমাপক যন্ত্র বছরখানেক ধরে বন্ধ রয়েছে। যানবাহনে অতিরিক্ত পণ্য পরিবহন রোধে খুব শিগগিরই এটি চালু করা হবে।
এ সময় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রধান প্রকৌশলী আব্দুল কুদ্দুস, বিআরটিএ চেয়ারম্যান আইয়ুবুর রহমান, স্থানীয় সাংসদ এ বি এম আনোয়ারুল হক ও জাহিদ মালেক, সওজ’র মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিন খান, জেলা পরিষদ প্রশাসক গোলাম মহিউদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা প্রমুখ মন্ত্রীর সঙ্গে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪১ ঘ.
bdnews24