চট্টগ্রাম, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেনার টাকা জোগাড় করতে চাচাত ভাই ও বন্ধুদের নিয়ে ফুফুর বাসায় ডাকাতি করেছেন চট্টগ্রামের এক ব্যবসায়ী।
গত সোম ও মঙ্গলবার নগরী ও পটিয়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যবসায়ী শেখ মোস্তানসহ (৩০) আট জনকে গ্রেপ্তার করে পুলিশ।
বুধবার চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি, উত্তর) আমেনা বেগমের কার্যালয়ে মোস্তানসহ গ্রেপ্তারকৃতদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
মোস্তান সাংবাদিকদের বলেন, “নগরীর আগ্রাবাদ এলাকায় আমার একটি জুতার দোকান আছে। ব্যবসায়িক ক্ষতির কারণে দুই লাখ টাকা দেনা হয়। দেনা পরিশোধ করতেই ফুফুর বাসায় ডাকাতি করি।”
গ্রেপ্তার অন্য আট জন হলেন- মো. রোমান (২১), মো. জয়নুল আবেদীন (২৮), মো. রিপন (২১), মো. দেলোয়ার (২০), মো. সোলায়মান (২৭), ছোট সোলায়মান (২৬), শাহ নুর (২৮) ও মো. মোর্শেদ (৩০)।
তাদের কাছ থেকে ডাকাতির প্রায় সাড়ে চার ভরি স্বর্ণালঙ্কার, ১৫ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গত ১৬ ডিসেম্বর (শুক্রবার) নগরীর কোতোয়ালি থানার আশরাফ আলী সড়কের সবুরা মঞ্জিলের তৃতীয় তলায় হাজী আব্দুস সালামের বাসায় ডাকাতি হয়। সালামের স্ত্রী মেহেরুনন্ন্ছো মোস্তানের বড় ফুফু। ঘটনার দিনই থানায় মামলা হয়।
ঘটনার বর্ণনা দিয়ে মোস্তানের সঙ্গী রোমান বলেন, “দুপুর ১টার দিকে কলিং বেল টিপে আমরা চার জন ওই বাসায় ঢুকে ছুরির ভয় দেখিয়ে স্বর্ণালঙ্কার মোবাইল ও টাকা নিয়ে আসি। এ সময় মোস্তানসহ অন্যরা ভবনের নিচে পাহারা দিচ্ছিল।”
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোস্তান তার চাচাত ভাই মোর্শেদ ও বন্ধুদের নিয়ে গত ১২ ডিসেম্বর পটিয়ার শান্তিরহাট এলাকার একটি দোকানে বসে ডাকাতির পরিকল্পনা করে।
ডাকাতিতে মোট ১১ জন জড়িত ছিলো। অন্য দুজনকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে এসআই নেজাম জানান।
মামলার এজাহারে ২৫ ভরি স্বর্ণালঙ্কার ও ৭৪ হাজার টাকা ডাকাতি হওয়ার উল্লেখ থাকলেও গ্রেপ্তারকৃতরা ৭ ভরি স্বর্ণালঙ্কার ও ৩০ হাজার টাকা নেওয়ার কথা স্বীকার করেছে বলে এসআই জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএ/১৫৫৮ ঘ.
bdnews24