ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেদী হাসান নীরব (৩৩) নামে এক ট্যাক্সিক্যাবচালককে অপহরণ ও হত্যায় জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার জাহিদুল ইসলাম জনি ও জাহাঙ্গীর হোসেনকে রাজশাহী এবং মো. রুবেলকে ঢাকা থেকে গ্রেপ্তার র্যাব-১ এর সদস্যরা মঙ্গলবার গ্রেপ্তার করে।
তারা সাংবাদিকদের বলেন, মেহেদীকে হত্যার পর গাড়ি বিক্রি করে টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে এই ঘটনা ঘটান।
বুধবার দুপুরে র্যাব-১ কার্যালয়ে গ্রেপ্তার তিনজনকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এসময় নিহত নীরবের ভাই ও ভাবী উপস্থিত ছিলেন।
গ্রেপ্তার তিন জনকে দেখে নীরবের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। এক পর্যায়ে নীরবের স্ত্রী জ্ঞান হারিয়ে ফেলেন।
গ্রেপ্তার জাহাঙ্গীর সাংবাদিকদের বলেন, পূর্ব পরিচিত নীরবকে গত ২১ ডিসেম্বর রাতে ফোন করে তিনি বাসা থেকে ডেকে নিয়ে তুরাগের জোহরার টেক এলাকায় নিয়ে হত্যার পর মৃতদেহ ফেলে গাড়ি নিয়ে চলে যান। পরে গাড়িটি উত্তরার ১২ নম্বর সেক্টর এলাকায় ফেলে রেখে পালিয়ে যান।
পরদিন পুলিশ লাশ ও গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
পুলিশ বা র্যাবের ভয়ে গাড়িটি নিয়ে পালিয়ে যেতে পারেননি বলে জানান জাহাঙ্গীর।
এ ব্যাপারে র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক এম সোহায়েল সাংবাদিকদের বলেন, “ঘটনার পর থেকে র্যাব বেশ তৎপর হয় এবং এ ব্যাপারে একটি বিশেষ তদন্ত দল গঠন করে। পরে জাহিদুল ইসলাম জনি এবং জাহাঙ্গীর হোসেনকে রাজশাহীর চারঘট উপজেলার একটি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
“তাদের দেওয়া তথ্য অনুযায়ী মো. রুবেল নামে আরো এক জনকে ঢাকার তুরাগ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।”
র্যাবের এ কর্মকর্তা বলেন, গ্রেপ্তার তিনজনই নীরবকে হত্যার কথা স্বীকার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/১৯৪৮ ঘ.
bdnews24