ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহীদ বুদ্ধিজীবী মোফাজ্জাল হায়দার চৌধুরীর ছেলে তাসনিম সুমন হায়দার চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে মারা গেছেন।
তার বয়স হয়েছিল ৪৭ বছর।
সুমনের ভায়রা আজিমুল হক রায়হান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার ভোররাতে সিঙ্গাপুরে মারা যান সুমন।
তিনি বলেন, “বেড়ানোর জন্য সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে মঙ্গলবার রওয়ানা হন সুমন। ভোর রাতে বিমানটি অবতরণের সময় তার হার্ট অ্যাটাক হয়। হাসপাতালে নেওয়ার সময় তিনি মারা যান।”
সুমন কম্পিউটার যন্ত্রাংশের ব্যবসা করতেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
সুমনের স্ত্রী শুচিতা জামান শুচি জানান, মরদেহ বৃহস্পতিবার ঢাকায় আনা হবে। শুক্রবার গুলশান আজাদ মসজিদে তার জানাজা হবে। তবে দাফনের বিষয়ে কিছু চূড়ান্ত হয়নি।
সুমনের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোফাজ্জাল হায়দার চৌধুরীকে ১৯৭১ সালে বিজয়ের আগমুহূর্তে পাকবাহিনীর এ দেশীয় দোসররা তুলে নেওয়ার পর হত্যা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিএম/এমএইচসি/আরএ/১৪০৫ ঘ.
bdnews24