২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতি উপজেলায় ফায়ার স্টেশন হবে: সাহারা

দেশের প্রতিটি উপজেলায় একটি করে ফায়ার সার্ভিস স্টেশন প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2011, 03:44 PM

Updated : 24 Aug 2022, 05:28 PM

পঞ্চগড়, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রতিটি উপজেলায় একটি করে ফায়ার সার্ভিস স্টেশন প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। মঙ্গলবার সন্ধ্যায় বোদা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আধুনিকায়ন চাইছে এবং পরিকল্পনা বাস্তবায়নে দ্রুত গতিতে কাজ চলছে। সভায় বিরোধী দলের কর্মসূচির সমালোচনাও করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা। তিনি বলেন, “বিএনপি-জামায়াত বিভিন্ন ধ্বংসাত্মক কর্মসূচির নামে দেশে অরাজকতা সৃষ্টির মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচারকে বাধাগ্রস্ত করতে চায়। ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করতে চায়। কিন্তু বর্তমান সরকার জনগণকে সঙ্গে নিয়ে তাদের ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে ফেলবে।” যুদ্ধাপরাধীদের বাঁচানো বিরোধী দলের কর্মসূচির উদ্দেশ্য দাবি করে সাহারা বলেন, “বাসে আগুন দিয়ে, মানুষকে পুড়িয়ে হত্যা করে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে এ বিচার বাধাগ্রস্ত করা যাবে না।” অনুষ্ঠানে সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন, মজাহারুল হক প্রধান, ফরিদা আখতার হীরা, জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া, পুলিশ সুপার শাহারিয়ার রহমান ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক মেজর মতিউর রহমান বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/২১৪০ ঘ.