২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাষা-সংগ্রামীদের তিন দিনের সম্মেলন

ভাষা সংগ্রামের ৬০ বছর পূর্তিতে প্রবীণ ভাষা-সংগ্রামীদের নিয়ে তিন দিনব্যাপী সম্মেলনের আয়োজন করছে ‘একুশে চেতনা পরিষদ’ নামে এক সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2011, 01:27 PM

Updated : 24 Aug 2022, 05:28 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাষা সংগ্রামের ৬০ বছর পূর্তিতে প্রবীণ ভাষা-সংগ্রামীদের নিয়ে তিন দিনব্যাপী সম্মেলনের আয়োজন করছে ‘একুশে চেতনা পরিষদ’ নামে এক সংগঠন। ঢাকার সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে আগামী ১৯ ফেব্র“য়ারি এ সম্মেলন শুরু হবে। শেষ হবে ২১ ফেব্র“য়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও শপথ গ্রহণের মধ্য দিয়ে। মঙ্গলবার রাজধানীতে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে পরিষদের সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি বলেন, “বায়ান্নোর উত্তাল দিনগুলোতে যারা লড়াই-সংগ্রাম করেছেন, গৌরবোজ্জ্বল ভাষা সংগ্রামের ৬০ বছর পূর্তিতে আবার তারা মিলিত হবেন নতুন সংগ্রামের শপথ নিয়ে।” “ভাষা আন্দোলনের চেতনায় সবাইকে উদ্বুদ্ধ করতে প্রবীণ ভাষা-সংগ্রামীদের নিয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে,” যোগ করেন তিনি। ৬০ থেকে ৭০ জন ভাষা-সংগ্রামী সম্মেলনে অংশ নেবেন আশা প্রকাশ করে তিনি বলেন, “এ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে ভাষাসংগ্রামীদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করার পাশাপাশি জীবিতদের সম্মাননা জানানো হবে।” সংবাদ সম্মেলনে সব পর্যায়ে বাংলা প্রচলনসহ সংগঠনের পক্ষ থেকে কয়েকটি দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ভাষা-সংগ্রাম বিষয়ক কোর্স চালু, স্মারক ডাক টিকেট প্রকাশ, ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-আরিচা মহাসড়ককে শহীদ সালাম-রবকত এবং শহীদ রফিক-জব্বার নামকরণ, মৌচাক মোড় থেকে বিমানবন্দরগামী সড়কের নাম শহীদ ধীরেণ দত্ত সড়ক করা, কেন্দ্রীয় শহীদ মিনারের মৌলিক নকশা বাস্তবায়ন, দেশের সব শহীদ মিনারের যথাযথ সংস্কার ও সংরক্ষণ, ভাষা আন্দোলনের তথ্য নির্ভর সঠিক ইতিহাস প্রণয়ন, ভাষা শহীদদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি, ভাষা সংগ্রামীদের সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা তৈরি, অস্বচ্ছল ভাষা সংগ্রামীদের রাষ্ট্রীয় ভাতা প্রদান ইত্যাদি। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ভাষা সৈনিক ও একুশে চেতনা পরিষদের সভাপতি আহমদ রফিক, যুগ্ম-সম্পাদক সৈয়দ জিয়াউল হক, প্রচার সম্পাদক নওশাদ জামিল প্রমুখ উপস্থিত ছিলেন। ১৯৫২ সালের ২১ ফেব্র“য়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানে ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল করা হলে এতে পুলিশের গুলিতে রফিক উদ্দিন আহমদ, আবদুল জব্বার, আবুল বরকত, আবদুস সালাম নিহত হন। ওই ঘটনায় আট-নয় বছরের এক কিশোরও নিহত হয়। ওই বছরের ৩১ জানুয়ারি গঠিত ‘সর্বদলীয় রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদের’ ডাকে এ কর্মসূচি পালিত হচ্ছিল। বাংলাদেশ ২১ ফেব্র“য়ারিকে ‘ভাষা শহীদ দিবস’ হিসেবে পালন করে থাকে। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর এ দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএইচ/পিডি/১৯২২ ঘ.