বরিশাল, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের উজিরপুরে এক ব্যবসায়ী নিহত হওয়ার পর স্থানীয় পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়েছে জনতা। বিক্ষুব্ধ জনতার ওপর পুলিশ গুলি চালালে আহত হয় তিন জন।
নিহত ব্যবসায়ীর নাম স্বপন সমাদ্দার (২৫)। জল্লা ইউনিয়নের বাসিন্দা স্বপন কুড়ালিয়া বাজারে একটি মুদি দোকান চালাতেন।
স্থানীয়রা বলছেন, মঙ্গলবার সকালে স্বপনকে অচেতন অবস্থায় পুলিশ ফাঁড়ির কাছে পাওয়া যায়। এরপর তার মৃত্যু হলে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ফাঁড়িতে হামলা চালায়।
স্বপন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে অমল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সকালের উত্তেজনাকর পরিস্থিতি দুপুরে শান্ত হয়ে আসে বলে স্থানীয়রা জানিয়েছে। গুলিতে আহত তিন জনও চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছেন চিকিৎসক।
উজিরপুর থানার উপপরিদর্শক (এসআই) শামিম শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে কয়েকজন মাছ ব্যবসায়ী পুলিশ ফাঁড়ির কাছে অচেতন অবস্থায় স্বপনকে উদ্ধার করে।
কুড়ালিয়া বাজারে প্রাথমিক চিকিৎসার পর স্বপনকে পুলিশ বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানকার চিকিৎসকরা জানান, স্বপন মারা গেছেন।
এদিকে স্বপনের মৃত্যুর খবর শুনে উত্তেজিত জনতা সকাল ১০টার দিকে কুড়ালিয়া বাজার পুলিশ ফাঁড়ি ঘেরাও করে ইট ছুড়তে থাকে।
এক পর্যায়ে ফাঁড়ির পুলিশ গুলি চালালে এক নারীসহ তিন জনের দেহে স্পিন্টার বিদ্ধ হয় বলে জানান জল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উর্মিলা বাড়ৈ। তাদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
বরিশাল জেলা পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) দেবদাস ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জনতা ক্ষিপ্ত হয়ে ক্যাম্পে হামলা চালালে পুলিশ সদস্যরা আত্মরক্ষার জন্য শটগানের গুলি চালায়।”
এসআই শামিম শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিক্ষুব্ধ এলাকাবাসীর হামলা ঠেকাতে পুলিশ ২১ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
স্পিন্টারবিদ্ধ কমলা সমাদ্দার, কার্তিক ও দেবাশীষ চিকিৎসা নিয়ে বিকালেই বাড়ি ফিরেছেন বলে জানান উজিরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক সুনীল কুমার দাস।
বরিশালের সহকারী পুলিশ সুপার (এএসপি) রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বপনকে অচেতন অবস্থায় উদ্ধারের পর প্রথমে কুড়ালিয়া বাজারের এক চিকিৎসকের কাছে নেওয়া হয়।
“প্রাথমিক চিকিৎসার সময় স্বপন তার ভাই তপন সমাদ্দারসহ উপস্থিতদের সামনে বলেন, অমল নামে এক ব্যক্তি তাকে হত্যার চেষ্টা করেছে,” বলেন এএসপি।
স্বপনের স্বীকারোক্তি অনুযায়ী অমলকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান এসআই শামীম শেখ।
এদিকে এই ঘটনার পর কুড়ালিয়া ফাঁড়ির দুই সদস্যকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করেছে জেলা পুলিশ প্রশাসন। ফাঁড়ির বাকি ১২ সদস্যকেও বুধবার প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে আনা হচ্ছে বলে এএসপি রবিউল জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/২১৩৬ ঘ.
bdnews24