চট্টগ্রাম, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় এবার চট্টগ্রাম বিভাগে সেরা ১০ স্কুলের মধ্যে ৬টিই চট্টগ্রাম জেলার। এ বিভাগে প্রাথমিকে পাশের হার ৯৭ দশমিক ৬৪ শতাংশ।
সোমবার দেশের সবকটি বিভাগীয় শিক্ষা অফিস থেকে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। বেলা আড়াইটায় চট্টগ্রাম বিভাগীয় শিক্ষা কমকর্তা শাহ সুফী মোহাম্মদ আলী রেজা চট্টগ্রামের ফল ঘোষণা করেন।
ফলাফলে সন্তোষ প্রকাশ করে তিনি সাংবাদিকদের বলেন, নিয়মিত মনিটরিং ও বছরের শুরুতে সময়মতো ক্লাশ শুরু করতে পারায় এবার নির্ধারিত সময়ে ফল প্রকাশ করা গেছে। ফলাফলও ভাল হয়েছে।
চট্টগ্রাম বিভাগে প্রাথমিকের ফলাফলে এবার সেরা ফল করেছে কুমিল্লা মডার্ন স্কুলের শিক্ষার্থীরা। এ স্কুল থেকে ৭৬৪ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে ৩১৪ জন।
মেধা তালিকার শীর্ষ ১০ বিদ্যালয়ের সবগুলোতেই শতভাগ শিক্ষার্থী পাশ করেছে।
এই তালিকার দ্বিতীয় স্থানে থাকা চট্টগ্রামের বন্দর থানাধীন ‘বিএন স্কুল ও কলেজ সরকারি প্রাথমিক বিদ্যালয়’ থেকে ৬০৫ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছে ১৬০ জন।
আর তৃতীয় স্থানে থাকা ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩১৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২২০ জন জিপিএ ৫ পেয়েছে।
ছাত্রীরা এগিয়ে
চলতি বছর চট্টগ্রাম বিভাগ থেকে ৪ লাখ ৭৫ হাজার ১৩ জন শিক্ষার্থী প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৪ লাখ ৩৭ হাজার ৪০৭ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৯৪ হাজার ৩২৭ জন, ছাত্রী ২ লাখ ৪৩ হাজার ৮০ জন।
জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যার দিক দিয়ে প্রাথমিকে এগিয়ে আছে ছাত্রীরা। এ বিভাগে মোট ১৭ হাজার ১৫ জন জিপিএ ৫ পেয়েছে এবার। এর মধ্যে ৯ হাজার ১২৭ জন ছাত্রী ও ৭ হাজার ৮৮৮ জন ছাত্র।
ইবতেদায়ী
চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, ইবতেদায়ী পরীক্ষায় এবার চট্টগ্রাম জেলার ২০টি থানায় ১ হাজার ১০১ জন শিক্ষার্থী জিপিএ- ৫ পেয়েছে।
এ জেলা থেকে এবার ২৩ হাজার ৫৯১ জন পরীক্ষার্থী ইবতেদায়ীতে অংশ নেয়। এদের মধ্যে পাশ করেছে ১৭ হাজার ৮৪০ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/জেকে/২০৪৪ ঘ.
bdnews24