সাভার, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের অশুলিয়া থেকে অস্ত্রসহ যুবলীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার সন্ধ্যায় আশুলিয়ার বেরণ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুমন ভূঁইয়া, যুবলীগকর্মী গৌরাঙ্গ, হালিম, উজ্জ্বল, সানি ও আরিফ।
তাদের কাছ থেকে বিদেশে তৈরি একটি রিভলবার ও একটি পিস্তল উদ্ধার করা হয় বলে র্যাব জানিয়েছে।
র্যাব-১ এর কোম্পানি কমান্ডার মেজর আহসান হাবীব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদ পেয়ে বেরণ এলাকায় গৌরাঙ্গের বাড়িতে অভিযান চালানো হয়। ওই বাড়ি থেকেই অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়।
মেজর আহসান আরো জানান, সুমন ভূঁইয়ার বিরুদ্ধে আশুলিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন পোশাক কারখানা কর্তৃপক্ষের জোরপূর্বক ঝুট ব্যবসা, জমি দখল, চাঁদাবাজি, মহাসড়ক থেকে ঝুট ভর্তি কাভার্ড ভ্যান ছিনতাই, পোশাক শিল্পে নৈরাজ্য সৃষ্টি, হত্যাসহ একাধিক অভিযোগ ও মামলা রয়েছে।
তাদের স্বীকারোক্তি অনুযায়ী আরো অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২১৪২ ঘ.
bdnews24