২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের কারাগারে ১১ যুবকের তিন বছর

তিন বছর ভারতীয় কারাগারে থাকার পর ১১ বাংলাদেশি যুবককে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2011, 02:58 PM

Updated : 24 Aug 2022, 05:27 PM

বেনাপোল, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন বছর ভারতীয় কারাগারে থাকার পর ১১ বাংলাদেশি যুবককে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার বিকালে যশোরের বেনাপোল চেকপোস্টে ওই যুবকদের বিজিবি’র কাছে হস্তান্তর করা হয়। এরা হলেন কক্সবাজারের জাফর (২৩), আবুল হাসিম (২৮), জসিম উদ্দিন (২৩), জুবাইর (২১), জুবায়ের (২৪), আয়াজ উদ্দিন (২৫), আয়ুব আলী (২৮), আবুল হোসেন (২৫), বান্দরবানের ইউনুচ আলী (২৮), ফরিদুল ইসলাম ও আমিন (৩০)। পরে তাদের বেনাপোল পোর্ট থানায় পাঠানো হয় বলে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক কামরুজ্জামান জানান। ফিরে আসাদের একজন জাফর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিন বছর আগে প্রত্যেকের কাছ থেকে মাথাপিছু ১০ হাজার থেকে ২০ হাজার করে টাকা নিয়ে কক্সবাজারের কয়েকজন দালাল তাদের মালায়েশিয়া পাঠানোর কথা বলে একটি ইঞ্জিনচালিত নৌকায় তুলে দেয়। নৌকাটি থাইল্যান্ডের সমুদ্র এলাকায় পৌঁছালে সেদেশের কোস্টগার্ড তাদের আটক করে। এরপর কয়েকদিন অনাহারে অর্ধাহারে রেখে তাদের উপর নির্যাতন চালায়। পরে ইঞ্জিন খুলে নিয়ে তাদের নৌকাটি মাঝ সমুদ্রে ছেড়ে দেয়। তিনি আরো জানান, ইঞ্জিনবিহীন নৌকাটি ভাসতে ভাসতে ভারতের আন্দামান সীমান্তে পৌঁছলে ভারতীয় কোস্টগার্ড তাদের আটক করে আদালতে পাঠায়। ভারতীয় আদালত তাদের তিন বছরের কারাদ- দেয়। বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্প ইনচার্জ লিয়াকত হোসেন জানান, সাজার মেয়াদ শেষ হলে সোমবার বিকালে বেনাপোল চেকপোস্ট বিজিবির কাছে এই যুবকদের হস্তান্তর করে বিএসএফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২০৪৮ ঘ.