২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিকে গ্রেড পদ্ধতিতেও উজ্জ্বল ফল

পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার পাসের হার বেড়েছে উল্লেখযোগ্য হারে। চলতি বছর প্রথমবারের মতো গ্রেড পদ্ধতিতে ফল প্রকাশ করা হলেও পূর্ণ জিপিএ (৫ এর মধ্যে ৫) অর্জন করেছে ৪ দশমিক ৩৮ শতাংশ শিক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2011, 02:11 PM

Updated : 24 Aug 2022, 05:27 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার পাসের হার বেড়েছে উল্লেখযোগ্য হারে। চলতি বছর প্রথমবারের মতো গ্রেড পদ্ধতিতে ফল প্রকাশ করা হলেও পূর্ণ জিপিএ (৫ এর মধ্যে ৫) অর্জন করেছে ৪ দশমিক ৩৮ শতাংশ শিক্ষার্থী। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. আফছারুল আমীন সোমবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এবারের ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন। এর আগে সকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন। মন্ত্রী জানান, চলতি বছর প্রাথমিকে ৯৭ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। ইবতেদায়ীতে পাসের হার ৯১ দশমিক ২৮ শতাংশ। এর মধ্যে প্রাথমিকে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ পাঁচ হাজার ৬৭৩ জন শিক্ষার্থী। আর ইবতেদায়ীতে পূর্ণ জিপিএ অর্জন করেছে ২ হাজার ১৫০ জন। গত বছর প্রাথমিকে পাসের হার ছিল ৯২ দশমিক ৩৪ শতাংশ এবং ইবতেদায়ীতে ৮৩ দশমিক ৯৩ শতাংশ। ২০১০ সালে এ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল বিভাগ ভিত্তিতে। সার্বিক ফলাফলে সন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, “পরীক্ষা শেষ হওয়ার ২৫ দিনের মাথায় এবার ফল প্রকাশ করা হলো।” “কোনো বোর্ডের সংশ্লিষ্টতা ছাড়াই এ পরীক্ষা নেওয়া হচ্ছে। তবে গ্রেড পদ্ধতিতে যদি কোনো সমস্যা চোখে পড়লে এবং আমাদের তা জানালে সংশোধন করার চেষ্টা করবো”, বলেন তিনি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ জানান, ৩১ ডিসেম্বরের মধ্যেই উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রশাংসা পত্র দেওয়া হবে। আর আগামী ৩১ জানুয়ারির মধ্যে সনদ পাবে শিক্ষার্থীরা। এবার সমাপনীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ২২ হাজার ছাত্র-ছাত্রীকে টেলেন্টপুলে এবং ৩৩ হাজার শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। ১৫ ফেব্র“য়ারির মধ্যে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নাম ঘোষণা করা হবে শ্যামল কান্তি জানান। তবে আফছারুল আমীন জানান, বৃত্তির সংখ্যা বাড়াতে ইতোমধ্যে শিক্ষা মন্ত্রাণালয়ে চিঠি দেওয়া হয়েছে। অন্যদের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। ছাত্র-ছাত্রী তুলনা এবার প্রাথমিক সমাপনীতে ৯৭ দশমিক ৪৮ শতাংশ ছাত্র এবং ৯৭ দশমিক ০৮ শতাংশ ছাত্রী পাস করেছে। ইবতেদায়ীতে পাস করেছে ৯২ দশমিক ৫১ শতাংশ ছাত্র এবং ৯০ দশমিক ২৩ শতাংশ ছাত্রী। জিপিএ ৫ পাওয়ার ক্ষেত্রে ইবতেদায়ীতে ছাত্ররা এগিয়ে থাকলেও প্রাথমিকে এগিয়ে রয়েছে মেয়েরা। ইবতেদায়ীতে পূর্ণ জিপিএ পেয়েছে এক হাজার ৭৯৮ জন ছাত্র ও এক হাজার ৪৪২ জন ছাত্রী। আর প্রাথমিকে ৪৯ হাজার ১৩৪ জন ছাত্র এবং ৫৬ হাজার ৫৩৯ জন ছাত্রী জিপিএ ৫ পেয়েছে। পাস-ফেল এবার মোট ২৬ লাখ ৩৭ হাজার ২৩৫ জন পরীক্ষার্থী প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার জন্য নিবন্ধন করলেও প্রাথমিকে ২১ লাখ ৮৫ হাজার ৭৪৭ জন এবং ইবতেদায়ীতে দুই লাখ ৭২ হাজার ১৭১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। প্রাথমিকে সব বিষয়ে উত্তীর্ণ হয়েছে ২১ লাখ ২৫ হাজার ৮৬৯ শিক্ষার্থী। এদর মধ্যে ৯ লাখ ৭৫ হাজার ৫২৯ জন (৪৫.৮৯%) ছাত্র এবং ১১ লাখ ৫০ হাজার ৩৪০ জন (৫৪.১১%) ছাত্রী। ইবতেদায়ীতে ২ লাখ ৪৮ হাজার ৪৩৪ জন সব বিষয়ে পাস করেছে। এর মধ্যে এক লাখ ১৬ হাজার ১৯০ জন (৪৬.৭৭%) ছাত্র এবং এক লাখ ৩২ হাজার ২৪৪ জন (৫৩.২৩%) ছাত্রী। প্রাথমিকে উত্তীর্ণদের মধ্যে ২০ দশমিক ৭৬ শতাংশ শিক্ষার্থী ‘এ’ গ্রেড পেয়েছে। এছাড়া ১৮ দশমিক ৩৭ শতাংশ ‘এ মাইনাস’, ১৯ দশমিক ৫১ শতাংশ ‘বি’ গ্রেড, ২৭ দশমিক ৬২ শতাংশ ‘সি’ গ্রেড এবং ৮ দশমিক ৭৬ শতাংশ শিক্ষার্থী ‘ডি’ গ্রেড পেয়েছে। ইবতেদায়ী সমাপনীতে উত্তীর্ণদের মধ্যে ১৩ দশমিক ২১ শতাংশ শিক্ষার্থী পেয়েছে ‘এ’ গ্রেড। এছাড়া ১৬ দশমিক ৩৯ শতাংশ ‘এ’ মাইনাস, ২০ দশমিক ২৮ শতাংশ ‘বি’ , ৩৬ দশমিক ১৩ শতাংশ ‘সি’ এবং ১৩ দশমিক ১৩ শতাংশ শিক্ষার্থী ‘ডি’ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। ‘ গণিত ভীতি’ এবার প্রাথমিকের ফল বিশ্লেষণে দেখা যায় প্রাথমিকে গণিত বিষয়ে পাসের হার অন্যান্য বিষয়ের তুলনায় কম। আর ইবতেদায়ীতে তুলনামূলকভাবে খারাপ ফল হয়েছে ইংরেজিতে। মন্ত্রী জানান, প্রাথমিক সমাপনীতে বাংলায় ৯৯ দশমিক ১৯ শতাংশ, ইংরেজিতে ৯৯ দশমিক ১৮ শতাংশ, গণিতে ৯৮ দশমিক ১৯ শতাংশ, পরিবেশ পরিচিতি সমাজে ৯৯ দশমিক ৮৪ শতাংশ, পরিবেশ পরিচিতি বিজ্ঞানে ৯৯ দশমিক ৬৬ শতাংশ এবং ধর্মে ৯৯ দশমিক ৮৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। আর ইবতেদায়ীতে বাংলায় ৯৭ দশমিক ৭৯ শতাংশ, ইংরেজিতে ৯৬ দশমিক ২১ শতাংশ, গণিতে ৯৬ দশমিক ৪৫ শতাংশ, কোরাআন ও আকাঈদ ফিক্হতে ৯৯ দশমিক ৪০ শতাংশ, আরবীতে ৯৮ শতাংশ, পরিবেশ পরিচিতি সমাজে ও পরিবেশ পরিচিতি বিজ্ঞানে ৯৮ দশমিক ৬৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। মন্ত্রী জানান, গত দুই বছর সমাপনী পরীক্ষায় ২০ নম্বর পর্যন্ত গ্রেজ দেওয়া হলেও এবার কোনো বিষয়ে তা দেওয়ার প্রয়োজন পড়েনি। বরিশাল বিভাগ এগিয়ে পাসের হারের দিক দিয়ে সমাপনী ও ইবতেদায়ী- দুই শাখাতেই সারা দেশে এগিয়ে আছে বরিশাল বিভাগ। প্রাথমিকে সাত বিভাগের মধ্যে বরিশাল বিভাগে সর্বোচ্চ ৯৯ দশমিক ০৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। আর ইবতেদায়ীতে এ বিভাগে পাসের হার ৯৪ দশমিক ৬৫ শতাংশ, যা সারা দেশের মধ্যে সর্বোচ্চ। জেলা পর্যায়ে প্রাথমিকে সবচেয়ে বেশি শিক্ষার্থী পাস করেছে মুন্সীগঞ্জে, ৯৯ দশমিক ৪৫ শতাংশ। আর ইবতেদায়ীতে পাসের হার সবচেয়ে বেশি ঝালকাঠি জেলায়, ৯৭ দশমিক ৮৯ শতাংশ। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সারাদেশের ৫০৩টি উপজেলার মধ্যে ৩২টিতে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। পাসের হার হবিগঞ্জ জেলায় সর্বনিু- ৮৯ দশমিক ৬১ শতাংশ। আর উপজেলার হিসাবে সবচয়ে খারাপ ফল হয়েছে বানিয়াচংয়ে- ৭১ দশমিক ৬৮ শতাংশ। শতভাগ পাস-ফেল গত ২৩ থেকে ৩০ নভেম্বর সারা দেশের ৯৯ হাজার ৩৫১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবার প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে প্রাথমিকে ৬৮ হাজার ৬২৯টি প্রতিষ্ঠানের সবাই পাস করেছে। ইবতেদায়ীতে মোট ৬ হাজার ৭৪টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। আর প্রাথমিকে ৩৭১টি প্রতিষ্ঠানের সবাই অকৃতকার্য হয়েছে। ইবতেদায়ীতে ৯৯টি মাদ্রাসার কেউ পাস করতে পারেনি। সেরা প্রতিষ্ঠান প্রাথমিক শিক্ষা সমাপনীতে সারা দেশের মধ্যে শীর্ষে আছে ঢাকার মনিপুর উচ্চ বিদ্যালয়। এই স্কুলের পঞ্চম শ্রেণীর ১ হাজার ৯৯৪ পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৯৬৫ জন এবার প্রাথমিক সমাপনিতে অংশ নিয়ে সবাই পাস করেছে। এদের মধ্যে জিপিএ পাঁচ পেয়েছে ১ হাজার ৪৩৮ জন। আর ইবতেদায়ীতে ডেমরার দারন্নাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা সারাদেশের মধ্যে শীর্ষস্থান দখল করেছে। এই মাদ্রাসার ১৪৭ শিক্ষার্থী ইবতেদায়ী সমাপনীতে অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/২০০২ ঘ.