২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জানাজায় গিয়ে উপজেলা চেয়ারম্যান পিটুনিতে আহত

চট্টগ্রামের সাতকানিয়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের জানাজায় অংশ নিয়ে পিটুনিতে আহত হয়েছেন ওই উপজেলার চেয়ারম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2011, 01:24 PM

Updated : 24 Aug 2022, 05:28 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সাতকানিয়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের জানাজায় অংশ নিয়ে পিটুনিতে আহত হয়েছেন ওই উপজেলার চেয়ারম্যান। আহত উপজেলা চেয়ারম্যান আবদুল মোনাফ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক মৃণাল চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। তিনি বলেন, “আবদুল মোনাফ মাথায় আঘাত পেয়েছেন।” রোববার গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে নিহত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আবছারের জানাজা হয় সোমবার বিকালে। সাতকানিয়ার পূর্ব নলুয়া মুন্সি বাড়ী এলাকায় নিজ বাড়ির পাশের মাঠে জানাজায় প্রায় ১০ থেকে ১২ হাজার মানুষ অংশ নেয়। নিহত নুরুল আবছার উত্তর সাতকানিয়া এলাকার জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজে শিক্ষক ছিলেন। জানাজায় সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবদুল মোনাফও অংশ নেন। জানাজার পর নিহতের পরিবারের সদস্য ও কয়েক অনুসারী এ হত্যাকাণ্ডে উপজেলা চেয়ারম্যানের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করলে আবছারের সমর্থক ও অনুসারীরা মোনাফকে পিটুনি দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। সাতকানিয়া থানার ওসি খালেদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জানাজার পর নিহত আবছারের সমর্থকদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে উপজেলা চেয়ারম্যান আবদুল মোনাফ মাটিতে পড়ে যান।” উপজেলা চেয়ারম্যান পিটুনির শিকার হওয়ার বিষয়টি এড়িয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, “মাটিতে পড়ে যাওয়ায় চেয়ারম্যান আহত হয়ে থাকতে পারেন। পরে তার সমর্থকরা তাকে সরিয়ে নেয়।” এর আগে সোমবার সকালে ইউপি চেয়ারম্যানকে হত্যার খবর এলাকায় ছড়িয়ে স্থানীয় লোকজন ও নিহতের ছাত্ররা এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। তারা সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার সড়ক অবরোধ করে। এ সময় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এএইচ/পিডি/১৯২২ ঘ.