নাটোর, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের গুরুদাসপুরের দুটি পরিবার মিলে ৯ বছর বয়সী এক বালিকার বিয়ের আয়োজন চূড়ান্ত করেছিল সোমবার। কিন্তু পুলিশ আসার খবর পেয়েই পালিয়েছে বরপক্ষের লোকজন।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহারাজপুর গ্রামের ফজলুর রহমান তার চতুর্থ শ্রেণীতে পড়–য়া মেয়ের সঙ্গে একই গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুর রাজ্জাকের (৩২) বিয়ের আয়োজন করেন। সোমবার বরপক্ষ কনের বাড়িতেও যায়। কিন্তু এই বাল্যবিয়ে ঠেকাতে গ্রামের লোকজন থানায় খবর দেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং গুরুদাসপুর ওসি আমিনুল ইসলাম বিয়ের আসরে যাচ্ছে শুনে সেখান থেকে চম্পট দেয় বরযাত্রীরা। প্রশাসনের কর্মকর্তা এবং প্রতিবেশীরা মেয়েটির বাবা-মাকে বুঝিয়ে বিয়ে বন্ধ করেন।
বাল্যবিয়ের শিকার হতে যাওয়া মেয়েটি জানায়, সে রাজি না থাকলেও তার বাবা-মা এই বিয়ের আয়োজন করেছিল। বিয়ে বন্ধ হওয়ায় দারুণ খুশি হয়েছে সে।
এদিকে অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের আয়োজন করে লজ্জিত ফজলুর রহমান নিজের দোষ স্বীকার করে সবার কাছে ক্ষমা চেয়েছেন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, “বিয়ে বন্ধ হয়েছে। মেয়েটির বাবা-মা ভুল স্বীকার করেছেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৮১২ ঘ.
bdnews24