ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক পানিসম্পদ মন্ত্রী আব্দুর রাজ্জাকের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করেছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব গ্রহণ করা হয়। মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা বৈঠকের শুরুতেই এ প্রস্তাবটি উপস্থাপন করেন।
বৈঠক শেষে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, সবার সম্মতিক্রমে এ প্রস্তাবটি গ্রহণ করা হয়। প্রস্তাবে বর্তমান জাতীয় সংসদের সংসদ সদস্য আব্দুর রাজ্জাকের ছাত্র ও কর্মজীবনের বিস্তারিত তথ্যও তুলে ধরা হয়।
এই নেতার ত্যাগ ও অবদান শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয় প্রস্তাবে।
এতে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনাও জানানো হয়।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার এ বৈঠকে মন্ত্রিসভা ও উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন রোগে ভুগে গত শুক্রবার লন্ডনে মৃত্যু হয় ৬৯ বছর বয়সী আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য রাজ্জাকের। তিনি যকৃত, বৃক্ক ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৭৫৯ ঘ.
bdnews24