২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিকে দেশসেরা মনিপুর উচ্চ বিদ্যালয়

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় চলতি বছর দেশসেরা ফল করেছে ঢাকার মনিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2011, 10:13 AM

Updated : 24 Aug 2022, 05:28 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় চলতি বছর দেশসেরা ফল করেছে ঢাকার মনিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই স্কুলের পঞ্চম শ্রেণীর ১ হাজার ৯৯৪ পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৯৬৫ জন এবার প্রাথমিক সমাপনিতে অংশ নিয়ে সবাই পাস করেছে। এদের মধ্যে জিপিএ পাঁচ পেয়েছে ১ হাজার ৪৩৮ জন। নিবন্ধিত ছাত্রছাত্রীর সংখ্যা, পাসের হার, জিপিএ-৫ পাওয়ার হার এবং অনুপস্থিত ছাত্রছাত্রীদের সংখ্যার ভিত্তিতে প্রাথমিকে সারা দেশের সেরা ২০ স্কুলের একটি তালিকা করেছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর। এই হিসাবে সেরাদের সেরা মনিপুর উচ্চ বিদ্যালয় পেয়েছে ৭৪ দশমিক ৩৯ পয়েন্ট। শীর্ষ ২০ এর বাকি শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো- ভিকারুন নিসা নূন স্কুল (৪৪.৭৫), মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ (৪১.৪৫), মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল (৪০.৬৫), গুলশান আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ (৪০.১৬), মতিঝিল ন্যাশনাল আইডিয়াল স্কুল (৪০.০২), কুমিল্লা সদরের কুমিল্লা মডার্ন স্কুল (৩৯.৪৮), ডেমরার কে কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (৩৮.৯৮), মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল (৩৭.৬৯), ডেমরার শামসুল হক খান স্কুল (৩৬.৭৩), মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (৩৬.৪৩), মতিঝিল মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ (৩৬.০৮), বনানী বিদ্যা নিকেতন (৩৪.৬১), চট্টগ্রামের বিএন স্কুল অ্যান্ড কলেজ (৩৪.২৩), ধানমন্ডি সরকারি ল্যাবরেটরি হাইস্কুল (৩৩.৬৬), মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় (৩৩.২৬), উত্তরা হাইস্কুল (৩৩.২৫), খুলনা সদরের খুলনা জেলা স্কুল (৩৩.২৩), মতিঝিলের ফয়জুর রহমান আইডিয়াল ইন্সটিটিউট (৩২.৯৮) এবং ঢাকা ক্যান্টনমেন্টের শহীদ পুলিশ স্মৃতিস্কুল অ্যান্ড কলেজ (৩২.৭৮)। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. আফছারুল আমীন সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন। গত ২৩ থেকে ৩০ নভেম্বর সারা দেশে এ পরীক্ষা হয়। এ বছর প্রাথমিকে ৯৭ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। আর ইবতেদায়ীতে পাসের হার ৯১ দশমিক ২৮ শতাংশ। এবারই প্রথম সমাপনী পরীক্ষার ফল গ্রেড পদ্ধতিতে দেওয়া হয়েছে। এবার সমাপনীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ২২ হাজার ছাত্র-ছাত্রীকে টেলেন্টপুলে এবং ৩৩ হাজার শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএম/আরএ/১৫৫৭ ঘ.