নরসিংদী, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর পৌর মেয়র লোকমান হত্যা মামলার আসামি বিএনপি নেতা তারেক আহমেদকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নরসিংদীর পুলিশ সুপার (এসপি) খন্দকার মোহিদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারের পর সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তারেক আহমেদকে নরসিংদী জেলা পুলিশের হাতে হস্তান্তর করা হয়।
“হজ পালন শেষে রোববার দেশে ফেরার পরপরই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার করা হয় তাকে।”
গত ৩০ অক্টোবর হজ করতে সৌদি আরব যান তারেক। তিনি স্থানীয় বিএনপির নেতা এবং নরসিংদী সরকারি কলেজের সাবেক ভিপি।
গত ১ নভেম্বর রাতে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকায় হাসপাতালে মারা যান নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন।
তার ভাই কামরুজ্জামান এ ঘটনায় টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন রাজুর ছোট ভাই সালাউদ্দিন আহমেদ বাচ্চুসহ ১৪ জনকে আসামি করে একটি মামলা করেন, যাদের অধিকাংশই আওয়ামী লীগের নেতা-কর্মী। এজাহারে তারেকের নাম রয়েছে ৮ নম্বরে।
হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এর আগে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে নরসিংদী শহর যুবলীগের সভাপতি আশরাফুল সরকারই শুধু মামলার এজাহারভুক্ত আসামি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৪০৯ ঘ.
bdnews24