২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজ্জাককে শেষ বিদায় জানালো এলাকাবাসী

ডামুড্ডায় জানাজা ও শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগ নেতার মরদেহ ঢাকায় আনা হয়েছে। বিকালে বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2011, 05:17 AM

Updated : 24 Aug 2022, 05:28 PM

শরীয়তপুর/ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সংগঠক ও আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের বাড়ি শরীয়তপুরের ডামুড্ডায় তার জানাজায় অংশ নিয়েছে এলাকাবাসী। ওই এলাকা থেকে যতবার নির্বাচনে দাঁড়িয়েছিলেন, ততবারই বিজয়ী হয়েছিলেন তিনি। রাজ্জাকের মরদেহ হেলিকপ্টারে করে রোববার সকালে ঢাকা থেকে ডামুড্ডায় নেওয়া হয়। দুপুর আড়াইটায় ডামুড্ডা উপজেলা পরিষদের মাঠে জানাজায় প্রায় ১০ হাজার মানুষ অংশ নেয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর স্থানীয় প্রতিনিধি জানিয়েছেন। জানাজায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে ছিলেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, বি এম মোজাম্মেল হক, এনামুল হক শামীম। ডেপুটি স্পিকার শওকত আলী, রাজ্জাকের দুই ছেলেও ছিলেন জানাজায়। সকাল পৌনে ১১টায় মরদেহ ডামুড্ডায় পৌঁছলে শরীয়তপুর জেলা আওয়ামী, ডামুড্ডা উপজেলা আওয়ামী লীগ, শরীয়তপুর জেলা বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানায়। ডামুড্ডায় জানাজার পর মরদেহ পুনরায় ঢাকায় আনা হয়েছে। আব্দুর রাজ্জাকের ব্যক্তিগত সহকারী হাসানুজ্জামান কল্লোল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেলে বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে। দীর্ঘদিন রোগে ভুগে গত শুক্রবার লন্ডনে মৃত্যু হয় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য রাজ্জাকের। তার বয়স হয়েছিলো ৬৯ বছর। এই মুক্তিযোদ্ধার মরদেহ রোববার লন্ডন থেকে ঢাকায় আনা হয়। এরপর জাতীয় সংসদ ভবন এবং জাতীয় ঈদগাহ ময়দানে দুটি জানাজা হয়। বিকালে শহীদ মিনারে সর্বস্তরের মানুষ প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানায়। রাতে রাখা হয় বারডেম হাসপাতালের হিমঘরে। রোববার রাজ্জাকের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদ ভবনে জানাজার পর পুলিশের একটি দল মুক্তিযুদ্ধের এই সংগঠকের প্রতি রাষ্ট্রীয় সালাম জানায়। মরদেহ দেশে আনার আগে শনিবার লন্ডনেও একটি জানাজা হয়েছিলো আব্দুর রাজ্জাকের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/কিউএইচ/এমআই/১৫২৫ ঘ.