২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৫ দিন পর লাশ ফেরত দিল বিএসএফ

দুর্বৃত্তের হাতে নিহত হওয়ার ২৫ দিন পর এক বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2011, 04:38 PM

Updated : 24 Aug 2022, 05:27 PM

বেনাপোল, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্বৃত্তের হাতে নিহত হওয়ার ২৫ দিন পর এক বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রোববার সন্ধ্যায় বেনাপোলে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির কাছে তরিকুল ইসলামের (২০) লাশ ফেরত দেয় তারা। গত ২৯ নভেম্বর রাতে যশোরের শার্শা উপজেলার ভুলোট গ্রামের হামজের আলীর ছেলে তরিকুল কয়েকজন বাংলাদেশিসহ ভারতে গরু কিনতে যান। ভারতীয় একদল দুর্বৃত্ত তাকে অপহরণ করে টাকা ছিনিয়ে নিয়ে হত্যা করে। এরপর ঘোষপাড়া চৌরাস্তার মোড়ে লাশ ফেলে রাখে। বেনাপোল চেকপোস্টে যশোর ২২ ব্যাটালিয়ন বিজিবি’র আইসিপি ক্যাম্পের নায়েক সুবেদার লিয়াকত হোসেন বিএসএফ’র আংরাইল ক্যাম্পের কোম্পানি কমান্ডার তরুণ বিশ্বাসের কাছ থেকে তরিকুলের লাশ গ্রহণ করেন। লিয়াকত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেনাপোল থেকে পাঁচ কিলোমিটার দক্ষিণে পুটখালী সীমান্তের বিপরীতে ভারতের আংরাইল ঘোষপাড়া চৌরাস্তার মোড়ে তরিকুলের লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। ভারতের ২৪ পরগনার গাইঘাটা থানা পুলিশ তরিকুলের লাশ উদ্ধার করে। লিয়াকত আরো জানান, তরিকুলের লাশ ফেরত চেয়ে বিজিবির পক্ষ থেকে কয়েকবার চিঠি দেওয়া পর এই হস্তান্তর করা হল। পোর্ট থানার উপ-পরিদর্শক সজীব দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেনাপোল পোর্ট থানার মাধ্যমে পরিবারের কাছে তরিকুলের লাশ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২২৩৩ ঘ.