চট্টগ্রাম, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মটর সাইকেল ছিনিয়ে নেওয়ার এক মামলায় চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য রফিকুল আনোয়ারের ভাতিজাসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে শহরের স্টেশন রোড এলাকায় গোল্ডেন ইন থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
ফটিকছড়িতে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রফিকুল আনোয়ার ওই হোটেলটির মালিক।
গ্রেপ্তারকৃতরা হলেন- রফিকুল আনোয়ারের বড় ভাই প্রয়াত ফরিদুল আনোয়ারের ছেলে ফাহাদুল আনোয়ার (২৬), মোহাম্মদ সাইফুল (২৭), নাদিমুজ্জামান (২৬), নেজাম আলী (৩৬) ও মোহাম্মদ জাফর।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নেজাম উদ্দিন রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২২ ডিসেম্বর হোটেল গোল্ডেন ইন এলাকায় চট্টগ্রাম কমার্স কলেজের ছাত্র ইসমাইল জবিউল্লাহকে মারধর করে তার মটর সাইকেল ছিনিয়ে নেয় ওই পাঁচ জন।
এ ঘটনায় শনিবার বিকালে ইসমাইল কোতোয়ালি থানায় মামলাটি করেন।
গ্রেপ্তারের পর ফাহাদের পাঁচলাইশের বাসা থেকে মটর সাইকেলটি উদ্ধার করা হয়।
এসআই নেজাম জানান, মাস্টার্স শেষ বর্ষের ছাত্র ইসমাইলের ১৫ জানুয়ারি চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে মারধরের কারণে হাতে এবং পিঠে আঘাত পাওয়ায় তার পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/আরএ/১৪১৯ ঘ.
bdnews24