ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সংগঠক, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার দুপুরে গুলশানে রাজ্জাকের বাড়িতে গিয়ে রাষ্ট্রপতি প্রয়াত আওয়ামী লীগ নেতার কফিনে ফুল দেন। কফিনের পাশে দাঁড়িয়ে মোনাজাতও করেন তিনি। এরপর জিল্লুর রহমান প্রয়াতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সমবেদনা জানান।
রাষ্ট্রপতির পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ওই বাড়িতে প্রয়াত নেতার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। কফিনের পাশে দাঁড়িয়ে মোনাজাতের পর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনাও দেন তিনি।
দুপুর সোয়া ১২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে মরদেহ আনার পর তা সরাসরি নিয়ে যাওয়া হয় গুলশানের বাড়িতে। বিমানে রাজ্জাকের কফিন নিয়ে আসেন স্ত্রী ফরিদা রাজ্জাক, দুই ছেলেসহ পরিবারের সদস্যরা।
বিমানবন্দরে রাজ্জাকের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ ও আব্দুল জলিল।
বিমানবন্দরে আওয়ামী লীগ নেতাদের মধ্যে ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেনগুপ্ত, ওবায়দুল কাদের, সাহারা খাতুন, ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, শাজাহান খান, মোস্তফা জালাল মহিউদ্দিন, ফজলে রাব্বী প্রমুখ।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনুও ছিলেন বিমানবন্দরে।
দীর্ঘদিন রোগে ভুগে গত শুক্রবার লন্ডনে মৃত্যু হয় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য রাজ্জাকের। তার বয়স হয়েছিলো ৬৯ বছর।
গুলশানের বাড়ি থেকে রাজ্জাকের মরদেহ দুপুরের পর সংসদ ভবনে নেওয়া হয়। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজার পর দ্বিতীয় জানাজা হবে জাতীয় ঈদগাঁ ময়দানে।
এরপর রাজ্জাকের মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর পর মরদেহ হিমঘরে রাখা হবে।
সোমবার রাজ্জাকের কফিন নেওয়া হবে শরীয়তপুরের ডামুড্ডায়, তার গ্রামের বাড়িতে। ওই এলাকা থেকে নির্বাচনে দাঁড়িয়ে কখনো হারেননি এই আওয়ামী লীগ নেতা। এরপর ঢাকায় ফিরিয়ে এনে বিকালে বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৪৪৫ ঘ.
bdnews24