ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রচণ্ড শীতে চাঁদপুর ও নরসিংদীতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চাঁদপুর প্রতিনিধি জানান, হাইমচর উপজেলায় ঠাণ্ডায় দুই নারীর মৃত্যু হয়েছে।
এরা হলেন- নীলকমল ইউনিয়নের ঈশানবালা এলাকার নুরুন্নেছা বেগম (৬৫) ও করফুলজান বেগম (৫৮)।
শনিবার ভোরে এদের মৃত্যু হয় বলে স্থানীয় জনপ্রতিনিধি জানান।
নীলকমল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন সরদার বলেন, “প্রচণ্ড শীতে ওই দুই নারীর মৃত্যু হয়েছে। এরা দু’জনেই ঈশানবালা এলাকার বাসিন্দা।”
তিনি জানান, কয়েকদিন ধরে কনকনে শীতে চরাঞ্চলসহ এলাকার লোকজন মারাত্মক দুর্ভোগ পোহাচ্ছে। শিশুরা নিউমোনিয়া, সর্দি, কাশিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে।
এদিকে দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচরের মো. দুলাল মিয়ার ছেলে মোহাম্মদ সোহরাবের (১০)।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফাতেমা আক্তার সাংবাদিকদের জানান, ঠাণ্ডাজনিত কারণে সোহরাবের মৃত্যু হয়েছে।
সোহরাবের চাচা গোলাম মোস্তাফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কয়েকদিন ধরে সোহরাব ঠাণ্ডায় ভুগছিল।
তাকে প্রথমে নরসিংদী হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দুপুরে ঢাকায় আনা হয়।
শৈত্যপ্রবাহে শুক্রবার পর্যন্ত সারাদেশে অন্তত ৫১ জনের মৃত্যুর খবর পাওয়া যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেটি/ডিডি/পিডি/২৩৩৫ ঘ.
bdnews24