শরীয়তপুর, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের মৃত্যুতে নিজ জেলা শরীয়তপুরে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে স্থানীয়ভাবে।
সাত দিনের শোক কর্মসূচি নিয়েছে জেলা আওয়ামী লীগ ও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান।
এছাড়া শনিবার তার নিজ নির্বাচনী এলাকায় (ডামুড্যা, গোসাইরহাট, ভেদরগঞ্জ) দোকানপাটন বন্ধ রেখেছে ব্যবসায়ীরা।
শনিবার শরীয়তপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক শোকসভায় সাতদিনের কর্মসূচি ঘোষণা করা হয়।
জেলা সভাপতি আব্দুর রব মুন্সির সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল ফজল মাস্টার, দলের জেলা যুগ্ন সম্পাদক মোশারফ হোসেন তোতা মাঝি, জেলা যুবলীগ সভাপতি এম এম জাহাঙ্গীর, জেলা ছাত্রলীগ সভাপতি আলমগীর হোসেন হাওলাদার প্রমুখ।
আব্দুর রব মুন্সি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আব্দুর রাজ্জাকের মৃত্যুতে আমরা একজন অভিবাবক হারালাম। জেলা আওয়ামী লীগ সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে।
এরমধ্যে রয়েছে কোরানখানি, মিলাদ মাহফিল, কালোব্যাচ ধারণ ও কালো পতাকা উত্তোলন।
ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবলু সিকদার বলেন, ডামুড্যায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও দলীয় কাযালয়ে সাত দিনের শোক র্কমসূচি ঘোষণা করে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাচ ধারণ করেছে।
এছাড়া তার নির্বাচনী এলাকা ডামুড্যা, গোসাইরহাট ও ভেদরগঞ্জ উপজেলা সদরে সব দোকানপাট শনিবার সন্ধ্যা পর্যন্ত বন্ধ ছিল।
পঞ্চাশের দশকে আবদুর রাজ্জাক ডামুড্যা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করেন। ডামুড্যা মুসলিম পাইলট উচচ বিদ্যালয়ে থেকে ১৯৫৮ সালে মেট্রিক পাশ করেন।
ডামুড্যা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ডামুড্যা মুসলিম পাইলট উচচ বিদ্যালয়ের দুই প্রধান শিক্ষক মাস্টার জসীম উদ্দিন ও মাস্টার কামাল উদ্দিন জানান, এই দুই বিদ্যালয় এবং রাজ্জাকের বাবার নামে প্রতিষ্ঠিত ইমাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সাত দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এরমধ্যে রয়েছে কোরানখানি, মিলাদ মাহফিল, কালোব্যাচ ধারণ ও কালো পতাকা উত্তোলন।
মুক্তিযোদ্ধা সংসদ শরীয়তপুর ইউনিটও শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে।
বিবৃতিতে স্বাক্ষর করেন এমএম ছাত্তার খান, সদর উপজেলা কমান্ডার আব্দুল আজিজ সিকদার, সহকারী কমান্ডার আব্দুর রহমান খান, জানে আলম মুন্সি, সিরাজ খান, ইদ্রিস সিকদার, মোহাম্মদ আলী খান, সিরাজুল ইসলাম খান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫৪ ঘ.
bdnews24