২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদ্রাসা ছাত্রদের মিছিলে লাঠিপেটা, গ্রেপ্তার ৫

নোয়াখালীতে মাদ্রাসা ছাত্র ঐক্য পরিষদের মিছিলে পুলিশের লাঠিপেটায় অন্তত ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2011, 11:14 AM

Updated : 24 Aug 2022, 05:27 PM

নোয়াখালী, ডিসেম্বর ২৪ (বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীতে মাদ্রাসা ছাত্র ঐক্য পরিষদের মিছিলে পুলিশের লাঠিপেটায় অন্তত ১০ জন আহত হয়েছে। শনিবার দুপুরে জেলা শহরের এই মিছিল থেকে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে রয়েছেন ইমতিয়াজ আহমেদ বুলবুল, নিজাম উদ্দিন, শামিম উসমান ও মাহমুদুল হাসান। আরেকজনের নাম জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদ্রাসা ছাত্র ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি হাফেজ মহিউদ্দিন মাসুমকে গ্রেপ্তার এবং বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা ছাত্র ভর্তির ক্ষেত্রে বৈষম্যের প্রতিবাদে দুপুর আড়াইটার দিকে শহরে মিছিলটি বের করা হয়। কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিলটি জেলা জামে মসজিদ মোড়ে পৌঁছলে পুলিশ বাধা দেয়। বাধা ঠেলে মিছিল অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে। এতে রিয়াজ উদ্দিন, মিজানুর রহমান, মাকসুদুর রহমান, রাশেদ বিল্লাহ, মো. জোবায়ের, আরমান হোসেন, নজির আহমেদ, মনসুর শেখ, আবু নাছের ও রহমান বিল্লাহ আহত হন। তাদের শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সুধারাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিক জানান, মাদ্রাসা ছাত্র ঐক্য পরিষদের নামে আসলে শিবির কর্মীরা এ মিছিল বের করে। শান্তিশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় মিছিলে বাধা দেওয়া হয়। মিছিল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করার কথা স্বীকার করেন তিনি। বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭০০ ঘ.