বরিশাল, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সম্মান প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এক কলেজ শিক্ষকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা স্কুল অ্যান্ড কলেজের ইংরেজির শিক্ষক কবির হোসেন এবং তার পরিচালিত রূপান্তর কোচিং সেন্টারের তত্ত্বাবধায়ক রিয়াজ হাওলাদার।
কোতয়ালী থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান জানান, শুক্রবার ভর্তি পরীক্ষা চলাকালে বেলা সাড়ে ১১র দিকে বরিশাল বিএম কলেজের উল্টো দিকে রূপান্তর কোচিং সেন্টারের কার্যালয় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে প্রশ্নপত্রের কপিও উদ্ধার করা হয়েছে।
বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত সারা দেশের ১৪২টি কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজের এই ভর্তি পরীক্ষা হয়।
বিএম কলেজের অধ্যক্ষ ড. ননি গোপাল দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরীক্ষা শুরুর আগেই আমরা খবর পাই, রূপান্তর কোচিং সেন্টারে প্রশ্ন কেনাবেচা চলছে। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানানো হয়।”
অধ্যক্ষের কাছ থেকে খবর পেয়েই ওই দুইজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি। তবে তাদের কাছ থেকে উদ্ধার করা প্রশ্নপত্র সঠিক ছিল কিনা- তা জানাতে পারেননি পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৪১৪ ঘ.
bdnews24